মেসারার্স ম্যাচ খেলতেই নামল না মোহনবাগান, কঠোর হবে আইএফএ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- আইএফএ

পূর্ব ঘোষণা মতোই নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ খেলতে অনুপস্থিত ছিল মোহনবাগান দল। নৈহাটি স্টেডিয়ামে বুধবার টিম লিস্ট জমা দিয়ে মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করে মেসারার্স। আইএফএ প্রকাশিত টিম লিস্টেও ছিল না মোহনবাগান ফুটবলারদের নাম। টিম লিস্টের একদিকে মেসারার্স ক্লাবের ফুটবলারদের নাম অন্যদিক ছিল সম্পূর্ণ ফাঁকা। রেফারি নিয়মমাফিক অপেক্ষা করে বাঁশি বাজিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ না খেলার জন্য অবশ্য শাস্তি হতে পারে মোহনবাগানের।

আইএফএ- সূত্রে জানা গিয়েছে, লিগ কমিটির বৈঠক ডাকা হবে। তারপর কমিটি সিদ্ধান্ত নেবে মেসারার্সকে ওয়াক ওভার দেওয়া হবে কিনা।মেসারার্স ক্লাব অবশ্য আশা করছে তারা মাঠে উপস্থিত থাকায় তিন পয়েন্ট পাবেন।
কলকাতা লিগে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে, সেখানকার ১৬ জন সদস্য ডুরান্ড কাপের দলে আছেন। অর্থাৎ একসঙ্গে দুটি টুর্নামেন্টে খেলছেন একাধিক ফুটবলার। ফলে বিশ্রাম পাচ্ছেন না তাঁরা। তাই মেসারার্স ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়ে ১১ আগস্ট রাতে আইএফএকে চিঠি দিয়ে জানিয়েছিল মোহনবাগান।সূত্রের খবর, সবুজ মেরুন ব্রিগেড এখনই কোনও চরম সিদ্ধান্তের পথে হাঁটবে না। তারা অপেক্ষায় থাকবে, মেসারার্স ম্যাচ না খেলার জন্য আইএফএ কি সিদ্ধান্ত নেয়, তার জন্য। মোহনবাগান আদালতে পর্যন্ত যেতে পারে বলে শোনা যাচ্ছে।

আইএফএর অনমনীয় ও কড়া ভাষায় লেখা চিঠিতে মোহনবাগান শিবির প্রচন্ড অসন্তুষ্ট। তারা ৮ আগস্ট থেকে মেসারার্স ম্যাচ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল। ভাঙ্গাচোরা দল নিয়ে লিগের ম্যাচ খেলা সম্ভব নয়, ডুরান্ড কাপের অভিযান শেষ না হওয়া পর্যন্ত।