দুরন্ত প্রত্যাবর্তন মোহনবাগানের, কল্যাণীতে ডার্বিতে শেষ হাসি লাল হলুদের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি আইএফএ

কল্যাণীতে কলকাতা লিগের ডার্বিতে শেষ হাসি হাসল ইস্টবেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে মরশুমের প্রথম ডার্বি তারা জিতল ৩-২ গোলে।ডার্বিতে দেবজিৎ মজুমদার, এডমুন্ড লালরিনডিকা, মার্তান্ড রায়না, ডেভিড লালহ্লানসাঙ্গাদের মত সিনিয়র দলের উপস্থিতি লাল-হলুদে ৷ পক্ষান্তরে মোহনবাগান স্কোয়াডেও দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি, সুহেল ভাটদের মত সিনিয়র দলের তারকাদের ছড়াছড়ি ৷


সায়নের মাইনাস থেকে সহজেই গোল করে যান জেসিন টিকে। কিন্তু গোলের পর তিনি বেশিক্ষণ খেলতে পারেননি। চোট পেয়ে বেরিয়ে গেলে তাঁর জায়গায় নামেন মার্ক জোথানপুইয়া। এক গোলের পরেও লাল-হলুদের আক্রমণের ঝাঁজ কমেনি একটুও।
ধীরে ধীরে খেলায় নিয়ন্ত্রণ নিতে থাকে ইস্টবেঙ্গল। মোহনবাগান মূলত আটকেছিল নিজেদের অর্ধেই। এডমুন্ডের একটি শট বারের উপর দিয়ে উড়ে যায়। ৩১ মিনিটে পোস্টে শট মারেন কিয়ান।


দ্বিতীয় গোল এল আরও সহজে। মোহনবাগান একটি কর্নার পেয়েছিল। তা ক্লিয়ার হওয়ার পর বল পান এডমুন্ড। মোহনবাগানের অর্ধে তখন শুধু দীপেন্দু। বাকি দল ছিল ইস্টবেঙ্গলের অর্ধে। এডমুন্ড পাস দেন ফাঁকায় থাকা সায়নকে। গোলকিপারকে কাটিয়ে গোল করেন সায়ন।প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল ইস্টবেঙ্গল।


তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরল সবুজ মেরুন। খেলার বয়স তখন ৫৩ মিনিট। কর্নার থেকে ভেসে আসা ফিরতি বলে গোলার মতো শটে ব্যবধান কমান লেওয়ান। ৬৭ মিনিটে সমতা ফেরান কিয়ান। ডানদিক থেকে লেওয়ানে মাপা ক্রসে দারুণ হেডে গোল করে যান তিনি। ৬৯ মিনিটে আমন সিকের বাড়ানো বল থেকে একদম ফাঁকায় গোল করে যান ডেভিড লালানসাঙ্গা। ফলে ৩-২ গোলে জয় পেল লাল হলুদ। ম্যাচের সেরা হলেন সায়ন।