Published By Subrata Halder, 11 May 2025, 14:02 pm
বঙ্গবার্তা ব্যুরো,
সারাদেশে এখন যুদ্ধের আবহ। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের সংগঠন বাড়াতে চাইছে সংঘ পরিবার। যদিও প্রকাশ্যে তারা বা তাদের কোন নেতা নেই এই সংগঠনে নেই। নতুন সংগঠনের নাম দেওয়া হয়েছে জঙ্গলমহল হিন্দু সুরক্ষা বাহিনী।
এই সংগঠন অভ্যন্তরীণ সুরক্ষা এবং জাতীয়তাবাদী চিন্তাভাবনা প্রসারের কাজ করবে বলে জানা গেছে। ঝাড়গ্রাম এর এই নতুন সংগঠন নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তৈরি হয়েছে। যদিও এই এলাকায় অর্থাৎ জঙ্গলমহলে সংঘের বারোটি শাখা সক্রিয়ভাবে কাজ করছে। এখন এই নতুন সংগঠন একই লক্ষ্যে কাজ করবে বলে জানা গেছে। আরএসএস সবসময় হিন্দু সংহতির কথা বলে। তারা বলে হিন্দুদের সংগঠিত করতে না পারলে দেশ থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ দূর করা যাবে না। সেই কারণেই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি। যদিও তারা প্রকাশ্যে কোন সম্প্রদায়ের নামে আন্দোলন করেনা বা বিশেষ কোন সম্প্রদায়কে তাদের প্রতিপক্ষ বলে তুলে ধরে না। কিন্তু সংঘ বা বিজেপি সারা দেশে বিশেষ এক সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার নিশানা করে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে এর নজির রয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে জঙ্গলমহল এলাকায় নতুন করে হিন্দুত্ববাদী সংগঠন গড়ে ওঠায় বিজেপির সুবিধে হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। যদিও প্রকাশ্যে বিজেপি বা সংঘপরিবার এই সংগঠনের সঙ্গে তাদের কোন যোগাযোগের কথা নিশ্চিত করেনি।

