ভারতের হামলার নিন্দা পাক নায়ক ফাওয়াদ খানের

Published By Subrata Halder, 08 May 2025, 05:05 pm

বঙ্গবার্তা ব্যুরো,
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে সরাসরি বিধি-নিষেধ আসে পাকিস্তানের নায়ক ফাওয়াদ খানের সিনেমায়। যদিও তিনি পহেলগাম হামলার নিন্দাও করেছিলেন। কিন্তু এবার ভারতের অপারেশন সিঁদুর এর নিন্দায় সরব হয়েছেন।
উরি হামলার পর ভারতের পাক শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল। অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার পরে তাই আর ফাওয়াদ কে দেখা যায়নি বলিউড সিনেমায়। তবে সেই নিষেধাজ্ঞা উঠেছিল নয় বছর পরে। তার বলিউডের সিনেমা আবির গুলাল মুক্তি পাওয়ার কথা ছিল কয়েকদিনের মধ্যেই। কিন্তু পহেলগাম হামলার পর পাকিস্তানের এই অভিনেতার সিনেমা প্রদর্শনের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। যদিও পহেলগাম কাণ্ডের নিন্দা তিনি নিজেও করেছিলেন
‘অপারেশন সিঁদুর’ নিয়ে ফওয়াদ খান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই লজ্জাজনক আক্রমণে নিহত ও আহত মানুষদের প্রতি আমি সমব্যথী। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। তাদের প্রিয়জনেরা যেন এই কঠিন সময়ে মানসিক শক্তি খুঁজে পান।
এই স্পর্শকাতর পরিস্থিতিতে সংযত থাকার কথা বলেছেন ফওয়াদ। পাকিস্তানের এই অভিনেতা আরও লিখেছেন, সবাইকে শ্রদ্ধার সঙ্গে একটা অনুরোধ করছি। প্ররোচণামূলক কথা বলে এই পরিস্থিতিতে হাওয়া দেবেন না। নিরীহ মানুষের জীবনের মূল্যের চেয়ে বড় কিছুই নয়। মানুষের সুবুদ্ধি যেন বজায় থাকে, এ কামনাই করি। সব শেষে লিখেছেন, পাকিস্তান জিন্দাবাদ।
শুধু নায়ক ফাওয়াদ নয়। ভারতীয় সেনা অভিযানের নিন্দায় সরব হয়েছেন পাকিস্তানের মাহিরা খান, হানিয়া আমির ও মাওরা হোসেনসহ পাকিস্তানের আরও অনেক তারকা। এদের মধ্যে মাহিরা ও মাওরা বলিউডেও জনপ্রিয়।
কিন্তু কঠিন পরিস্থিতিতে দেখা গেলো অন্যায়ের চেয়ে জাতি ও ধর্মই তাদের কাছে গুরুত্ব পেলো।