রাস্তায় গর্ত ? ছবি পাঠালেই আটচল্লিশ ঘণ্টার মধ্যে মেরামতি, প্রতিশ্রুতি পূর্তমন্ত্রীর

Published By Subrata Halder, 12 June 2025, 08:32 p.m.

বঙ্গবার্তা ব্যুরো
বর্ষা আসন্ন। তার আগেই রাজ্যের রাস্তায় গর্ত মেরামতির জন্য উদ্যোগী রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার বিধানসভায় পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি সম্পর্কিত স্থায়ী কমিটির ২০২১ থেকে ২০২৫ অর্থবর্ষের চতুর্থ রিপোর্ট পেশের সময় মন্ত্রী বলেন, রাস্তার গর্ত নিয়ে অভিযোগ জানাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে, সেটি হল ৯০৮৮৮২২১১১, এতে ছবি তুলে তথ্য জানালে দফতর ব্যবস্থা নেবে।
তিনি বলেন, পিডব্লিউডি-র অধীনে কোন জেলায় কোন রাস্তা রয়েছে, তার একটি বিস্তারিত বই প্রত্যেক বিধায়কের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের দফতরের ওয়েবসাইটেও সেই তালিকা রয়েছে। কোনও রাস্তার গর্তের ছবি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে ৪৮ ঘণ্টার মধ্যে তা মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, সাধারণ মানুষের সচেতনতার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় এই রাস্তা পূর্ত দফতরের লেখা বোর্ড লাগানো হয়েছে। কারণ, অনেক সময়ই রাস্তার অবস্থা নিয়ে পিডব্লিউডিকে দোষারোপ করা হয়, অথচ সেই রাস্তা হয়তো অন্য কোনও দফতরের আওতা ভুক্ত।
পুলক রায় বলেন, রাজ্যে একাধিক দফতর এবং কেন্দ্রীয় সংস্থাও রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তাই কেউ যদি অভিযোগ করেন, তার আগে দেখে নেওয়া দরকার, সেই রাস্তা আদৌ পিডব্লিউডি-র আওতায় পড়ে কি না।
এই প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, রেলওয়ে ওভারব্রিজ তৈরিতে কেন্দ্র পঞ্চাশ শতাংশ ভাগে অর্থ দেওয়ার কথা থাকলেও কেন্দ্র নিয়ম মানছে না। ফলে রাজ্য সরকার এককভাবে মজেরহাট ব্রিজ ও হেমন্ত সেতু বা টালা ব্রিজ তৈরি করেছে। এর জন্য খরচ হয়েছে যথাক্রমে ২৯৫ কোটি ও ৫০৪ কোটি টাকা।
মন্ত্রী জানান, ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত রাজ্য সরকার ৩২,৯০০ কিমি রাস্তা উন্নত করেছে এবং রাজ্যজুড়ে ৩০৫ টি সেতু নির্মাণ করেছে। পাশাপাশি ১৯টি রেলওয়ে ওভারব্রিজ তৈরি হয়েছে এবং ৬০০-র বেশি সেতুর পুনর্নির্মাণ বা মেরামত হয়েছে। এই সব প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৪৮,৫৫০ কোটি টাকা।
তিনি আরও জানান, দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অবস্থিত রোড অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি এনএবিএল এর স্বীকৃতি পেয়েছে, পূর্ব ভারতের মধ্যে দ্বিতীয় সংস্থা এটি যারা এই স্বীকৃতি পেল।