বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
দেশে সিগারেট বিড়ি এই সমস্ত তামাক জাত দ্রব্যের ব্যবহার বেড়েই চলেছে। বাড়ছে মদ খাওয়ার প্রবণতা । ক্রমবর্ধমান এই নেশা রুখতে এবার তামাকজাত পণ্য ও মদের দাম প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নেশার দ্রব্য গুলি ছাড়াও বিলাস দ্রব্যের ও দাম বাড়তে চলেছে। দামি গাড়ি আরও দামি হতে পারে।
আসলে জিএসটি কাঠামোয় বড়সড় রদবদল করতে চলেছে কেন্দ্র, আর সেটি হলেই বিপাকে পড়তে পারেন তামাক ও মদ্যপান কারিরা।
জিএসটি-তে কমপেনসেশন সেসের মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা কেন্দ্রের। একই সঙ্গে আনা হতে পারে ক্লিন এনার্জি সেস। হেলথ অ্যান্ড এনার্জি সেস মূলত বসানো হবে সিন গুডস, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকর বলে যে পণ্যগুলিকে ধরা হয় সেই পণ্যগুলির উপর সিন গুডস হিসাবে ধরা হয় মদ, সিগারেট ও তামাকজাত যেকোন পণ্য, যেমন – খৈনি, গুটকা এইসবের উপর। এই পণ্যগুলি এমনিই জিএসটির ২৮ শতাংশের স্ল্যাবে পড়ে। এর উপর অতিরিক্ত সেস বসলে একধাক্কায় দাম অনেকটা বাড়তে পারে। এমনকী সিগারেটের দাম দ্বিগুণ হতে পারে।
এর বাইরে দাম বাড়তে পারে দামি গাড়িরও। কেন্দ্র দামি গাড়ির উপর ক্লিন এনার্জি সেস বসাতে পারে। সেটা মূলত পরিবেশ রক্ষার লক্ষ্যে। আসলে কেন্দ্রীয় সরকার চাইছে পুনর্নবিকরণ যোগ্য শক্তির যানবাহনের সংখ্যা বাড়াতে, যাতে দূষণ নিয়ন্ত্রণ করা যায়। তাই পেট্রলজাত গাড়িতে অতিরিক্ত সেস বসানো হতে পারে।
একদিকে যেমন সিন গুডসের দাম বাড়তে পারে অন্যদিকে তেমনই প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে একলাফে দাম কমবে বহু কিছুর। যার মধ্যে রয়েছে টুথপেস্ট, টুথ পাউডার, ছাতা, সেলাই মেশিন, প্রেশার কুকার, বাসনপত্র, ইলেকট্রিক ইস্ত্রি, স্বল্পক্ষমতা সম্পন্ন ওয়াশিং মেশিন, বাইসাইকেল, ১ হাজার টাকার বেশি মূল্যের কাপড়, ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা মূল্যের জুতো, স্টেশনারি দ্রব্য, টিকা, সেরামিক টাইলস ইত্যাদি। সূত্রের দাবি, এর ফলে ৪০ হাজার কোটি থেকে ৫০ হাজার কোটি টাকার মতো বাড়তি চাপ বাড়বে সরকারের উপরে। সেটা অবশ্য পুষিয়ে যাবে ওই অতিরিক্ত সেসে।

