আজও সর্বদল বৈঠকে অনুপস্থিত প্রধান মন্ত্রী, প্রশ্ন বিরোধীদের

Published By Subrata Halder, 08 May 2025, 02:57 pm

বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবারের সর্বদল বৈঠকেও দেখা গেল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিজে না থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মাধ্যমে বার্তা পাঠিয়েছেন তিনি। বুধবার ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র। পরিষদীয় মন্ত্রী কিরণ রিজেজু এই বৈঠকের আহ্বান জানান।
কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে প্রায় সব বিরোধী দলের প্রথম সারির নেতারাই উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিবসেনা উদ্ধবের সঞ্জয় রাউত, এনসিপি শরদের সুপ্রিয়া সুলে প্রমুখ।
সরকারের পক্ষে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনিই বৈঠকে সভাপতিত্ব করেন।ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন, জেপি নাড্ডা। বৈঠকে কেন্দ্রের পক্ষে অপারেশন সিঁদুর নিয়ে যাবতীয় তথ্য পেশ করেন অমিত শাহ।
পহেলগামে জঙ্গি হামলার পরেও কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে না থেকে মোদী গিয়েছিলেন বিহারে। এবার অপারেশন সিদুরের পরেও কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকেও অনুপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের মনে।