দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published By Subrata Halder, 22 May 2025, 02:51 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
রাজস্থানের বিকানের থেকে ১০৩টি স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হল, তারমধ্যে এ রাজ্যের তিনটি স্টেশন রয়েছে। স্টেশন গুলি হল পশ্চিম বর্ধমানের পানাগড়, উত্তর চব্বিশ পরগনার কল্যাণী ঘোষপাড়া এবং পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়। প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করে বিগত ১১ বছরে রেল দফতর কি কি উন্নয়ন কাজ করেছে, তা তুলে ধরেন। তিনি বলেন দেশে এখন ৭০ টি রুটে বন্দে ভারত ট্রেন চলছে। আধুনিকীকরণের কাজ হয়েছে ১৩০০ র বেশি স্টেশনে। শতাধিক অমৃত ভারত স্টেশন এর মধ্যেই তৈরি হয়েছে। ৩৪ হাজার কিলোমিটারের বেশি নতুন ট্র্যাক তৈরি হয়েছে। হাজারের বেশি, বুলেট ট্রেনের কাজ চলছে । প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকারের আমলে উত্তরে চেনাব ব্রিজ, পশ্চিমে অটল সেতু এবং দক্ষিণে পামবান ব্রিজ শুধু রেল যোগাযোগের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নির্মাণ শুধু নয়, ভারতের এক স্থায়ী সম্পদ। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন। আলিপুরদুয়ার জেলায় তার দুটি কর্মসূচি রয়েছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের বক্তব্য প্রধানমন্ত্রীর সফর থেকেই বঙ্গ বিজেপি ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচার পর্বের কাজ শুরু করে দিতে চাইছে।