Published by Subrata Halder, 28 May 2025, 11:21 a.m.
বঙ্গবার্তা ব্যুরো,
কাটোয়া বিদ্যুৎ দফতরে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখাল বিদ্যুৎ গ্রাহক, কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলি। বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন ‘অ্যাবেকা’ সকল স্তরের বিদ্যুৎ গ্রাহকদের কাছে স্মার্ট মিটার না লাগানোর যে আবেদন করেছে সেই আহ্বানে সাড়া দিয়ে কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং অল ইণ্ডিয়া কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের উদ্যোগে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেয় বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে।
কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা থেকে মিছিল শুরু হয়, অংশগ্রহণ করেন বহু কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ বিদ্যুৎ গ্রাহক। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ দফতরের পৌঁছায়। বক্তব্য রাখেন স্মার্ট মিটার বসানোর বিরোধিতায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব।
কৃষক সংগঠনের নেতা দোনা গোস্বামী বলেন, স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এর ফলে কৃষক ও সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিক্ষোভ ও ডেপুটেশনে নেতৃত্ব দেন মোজাম্মেল হক ও অনুরুদ্ধ কুণ্ডু। পাশাপাশি, স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করে প্রায় ৩০০ জন বিদ্যুৎ গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তিগতভাবে বিদ্যুৎ দফতরে তাদের লিখিত অসম্মতি পত্র জমা দেন।
আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে অন্যতম হল স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে, বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণ থেকে রক্ষা করতে হবে, এবং গ্রাহকদের সম্মতি ছাড়া কোনও প্রযুক্তিগত পরিবর্তন আনা যাবে না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে যাবেন তারা।

