পাঞ্জাবের তরুণ ফুটবলার অভিষেকের নাম ঘোষণা সবুজ মেরুনের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

আগেই সব কিছু ফাইনাল হয়ে গিয়েছিলষ বৃহস্পতিবার সরকারীভাবে অভিষেক সিংয়ের নাম ঘোষণা করল মোহনবাগান এসজি। দু’দিন আগেই কলকাতায় এসে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, বৃহস্পতিবার সকালে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হন অভিষেক। দীর্ঘ চার বছরের এই চুক্তির মাধ্যমে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে শুরু হল এক নতুন অধ্যায়।

রাইট-ব্য়াক ও লেফট-ব্য়াক দু’টি পজিশনেই খেলতে সমান স্বচ্ছন্দ অভিষেক ইতিমধ্যেই ডাক পেয়েছেন জাতীয় দলেও ৷ সূত্রের খবর, পঞ্জাব থেকে উঠতি তরুণ ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল ইস্টবেঙ্গলও ৷ কিন্তু পঞ্জাবের আর্থিক চাহিদার কথা শুনে আগ্রহ হারিয়ে ফেলে তাঁরা ৷ আরও দু-একটি আইএসএল ক্লাব অভিষেককে নেওয়ার দৌড়ে ছিল ৷

সবুজ মেরুনে যোগ দিয়ে অভিষেক বলেন, ‘আমার কাছে দেশের অনেক নামি ক্লাবে খেলার প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগানে যোগ দিলাম কারণ, আমার মতে এটাই দেশের একনম্বর ক্লাব। মোহনবাগানে খেলেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায়। ট্রফি পাওয়া যায়। স্বপ্ন ছোঁয়া যায়। মোহনবাগানের ট্রফি জয়ের ধারাবাহিকতা আমাকে এখানে টেনে এনেছে। এই ক্লাব দল করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমারও লক্ষ্য ট্রফি জেতা, পঞ্জাবের জার্সিতে আই লিগ ট্রফি জিতেছি। কিন্তু আইএসএল লিগ বা শিল্ড এখনো জেতা হয়নি। মোহনবাগানের হয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাই।

বিকেলেই মোহনবাগান সুপার জায়ান্টের ভারতীয় ফুটবলাররা সল্টলেক নিউটাউনের সেন্টার ফর এক্সেলেন্সের মাঠে প্রস্তুতিতে নামলেন সহকারী কোচ বাস্তব রায়ের তত্বাবধানে। লিস্টন কোলাসো, অনিরুধ থাপা, মনভীর সিংহ, বিশাল কাইথদের সঙ্গে সেখানেই ক্লাবের নতুন অনুশীলন জার্সি পরে নামলেন অভিষেক ।