মোহনবাগানের ষষ্ঠ বিদেশি রবসন রবিনহো

বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর

ছবি সোশ্যাল মিডিয়া

অবশেষে শনিবার সকালেই মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে রবসন রবিনহোকে সই করার কথা ঘোষণা করা হল। এসিএল টু-র আগে আরও শক্তিশালী হল মোহনবাগান। আগামী সোমবার শহরে আসবেন ব্রাজিলিয়ান তারকা।এর সঙ্গেই আপাতত আসন্ন আইএসএলের জন্য সবুজ-মেরুনের বিদেশি কোটা আপাতত পূর্ণ হয়ে গেল।
সাও পাওলো লীগে নেইমারের বিরুদ্ধে খেলেছেন। বাংলাদেশের বসুন্ধরা কিংসে দীর্ঘদিন খেলেছেন। ব্রাজিলের ফুটবলে এক সময় নেইমারের মতোই আলো ছড়িয়েছিলেন রবিনহো।

তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র জন্য শক্তিশালী দল গড়ছে সবুজ-মেরুন শিবির। সেখানে বিদেশি খেলানোয় কোনও বাধ্যকতা নেই। রবসনের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সই সেরে রেখেছিল সবুজ-মেরুন। সেক্ষেত্রে ভারতে তাঁকে মোহনবাগানেই খেলতে হত। অবশেষে চূড়ান্ত চুক্তিপত্রে সই করিয়ে নিল মোহনবাগান।

ব্যক্তিগত সাফল্যও চমকে দেওয়ার মতো। ১৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন ৪৯টি। সেই সফলতম ফরোয়ার্ড রবসন আজেভেদো দ্য সিলভা এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। রবসন রবিনহো নামে যাঁর দক্ষিণ এশিয়ায় পরিচিতি। গোলমেশিন হিসাবে পরিচিত সেই রবসনের সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের।

এমবিএসজি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রবসন বলেছেন, ‘এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম তা সবুজ–মেরুন সমর্থকদের নিশ্চয়ই মনে আছে। এবার সেই সবুজ মেরুন জার্সি পরেই আমি সেরকমই সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুন।’