Published By Subrata Halder, 15 June 2025, 09:37 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড বাদশাহ শাহরুখ খানের ঠাট্টা মশকরা মানেই হিট। একটি পুরনো ভিডিও আবারও ভাইরাল হয়েছে যেখানে জিরো সিনেমার প্রচার চলাকালীন এক সাংবাদিক অনুষ্কা শর্মা ও শাহরুখ খানকে প্রশ্ন করেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়ে। সেই প্রশ্নের জবাবে কিং খানের প্রতিক্রিয়ায় হেসে লুটোপুটি খায় গোটা মঞ্চ!
ঘটনাটি ঘটে ২০১৮ সালে জিরো সিনেমার প্রচারে । সিনেমাটিতে শাহরুখ, অনুষ্কা ও ক্যাটরিনা কাইফ ছিলেন মুখ্য ভূমিকায়। সাংবাদিক সেখানে অনুষ্কাকে প্রশ্ন করেন, আপনার বিয়ের পর বলিউডে যেন বিয়ের ট্রেন্ড শুরু হয়েছে। দীপিকা রণবীর, প্রিয়াঙ্কা নিক সবার বিয়ে চলছে।
এই কথার মাঝখানে শাহরুখ হেসে বলেন, এই ট্রেন্ড তো আমার মা-বাবা শুরু করেছিলেন। অনুষ্কা শুরু করেনি। অনুষ্কা বিয়ে করেছে বলে সবাই করবে, এমন না। বিয়ে তো বহুদিন ধরেই হচ্ছে!
সাংবাদিক আবারও বলেন, রণবীর-দীপিকা আর প্রিয়াঙ্কা-নিক বিয়ে করছেন।
তখন শাহরুখ খান মজার সুরে বলে ওঠেন, সবাই বিয়ে করুক, মাশাল্লাহ ! খুব ভালো। কিন্তু আমি কী করব? ওরা করবে বিয়ে, মজা করবে, হবে বাচ্চা আমি কী করব? আমি তো যা করার করে ফেলেছি। বারবার কি আমি বিয়ে করে যাবো? অনুষ্কা তখন পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে লুটোপুটি খান।
অনুষ্কা শর্মা ওই সময়ের এক বছর আগেই বিয়ে করেছিলেন ক্রিকেটার বিরাট কোহলিকে। আর দীপিকা রণবীর এবং প্রিয়াঙ্কা-নিক তখন বিয়ের প্রস্তুতিতে ছিলেন। বর্তমানে শাহরুখ ব্যস্ত কিং সিনেমা নিয়ে। সেখানে তার সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন। পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া সিনেমাটিতে রানি মুখার্জিও অতিথি চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

