মেক্সিকোতে মেয়রের কার্যালয়ের ভিতরেই গুলি করে খুন

Published by Subrata Halder, 16 June 2025, 02:29 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দুষ্কৃতীর গুলিতে নিহত মেক্সিকোর মেয়র। স্থানীয় সময় রবিবার দক্ষিণ মেক্সিকোর মেয়রকে তার কার্যালয়ে ভিতরেই গুলি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। স্থানীয় কোনো রাজনীতিবিদকে এই ভাবে গুলি করে হত্যা করা নজির বিহীন।
ওক্সাকা রাজ্যের সানমাতেও পিনাস শহরে চার ব্যক্তি মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে তাকে এবং অন্য এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে ওই রাজ্যের পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, ওয়াক্সাকা রাজ্যের সান মাতেও পিনাসের টাউন হলে মোটরসাইকেলে করে এসেছিল হামলাকারীরা। নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে তারা মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে পড়ে। এরপর তাকে এবং আরেক কর্মকর্তা এলি গার্সিয়াকে গুলি করে হত্যা করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রাজ্যের প্রসিকিউটরের অফিস জানিয়েছে তারা এই হামলার ঘটনার তদন্ত করছে। ওই এলাকায় সেনা এবং ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে।
গত কয়েক বছরে বিভিন্ন অপরাধী সংস্থার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মেক্সিকোর বহু কর্মকর্তা। বিশেষ করে যেসব এলাকায় শক্তিশালী মাদক গ্যাংগুলো সক্রিয় সেখানে এসব ঘটনা বেশি ঘটছে।
সাম্প্রতিক সময়ে রাজধানী মেক্সিকো সিটিতে হিংসার ঘটনা আরো ছড়িয়ে পড়ছে। একমাস আগেই সেখানে মেয়র ক্লারা ব্রুগাদার দুই ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করা হয়েছিল।