কিংবদন্তিদের ক্লাবে সিরাজ, প্রশংসা সচিনের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলছেন না বুমরা। ভারতের বোলিং বিভাগের নেতৃত্বে মহম্মদ সিরাজ। বার্মিংহামে টেস্টে প্রথম ইনিংসে ৭০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ১৯৯৩ সালের পর কোনও অ্যাওয়ে দলের পেসার হিসেবে এজবাস্টনে ৬ উইকেট নিয়েছে সিরাজ । ভারতীয় পেসারদের মধ্যে এই ঐতিহাসিক ভেন্যুতে নজির ছিল তিনজনের। কপিল দেব, চেতন শর্মা এবং ইশান্ত শর্মা। এবার এই এলিট ক্লাবে প্রবেশ করলেন সিরাজ। এখানেই শেষ নয় চেতন শর্মার পর এজবাস্টনে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং গড় সিরাজের।

এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র পাঁচজন পেসারই পাঁচ উইকেট তুলেছেন। এই তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের ইমরান খান। ১৯৮২ সালে তিনি ৫২ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। এবার কিংবদন্তিদের তালিকায় প্রবেশ সিরাজের।

সিরাজ বলেছেন, দারুণ লাগছে। আমি দীর্ঘদিন এর অপেক্ষায় ছিলাম। আমি এর আগেও এখানে ভাল বোলিং করেছি। কিন্তু পাঁচ উইকেট পাইনি। সর্বোচ্চ চার উইকেট পেয়েছি। এবার ৫ উইকেট পেলাম। তাই এটা স্পেশাল।

বার্মংহামের পিচে যে ৬ উইকেট পাওয়া কঠিন তা মানছেন সিরাজ। তার কথায়, এখানকার পিচ খুব মন্থর।এই ধরনের পিচে বল করার সময় লক্ষ্য থাকে, প্রতিপক্ষ যাতে বেশি রান নিতে না পারে।
একইসঙ্গে সিরাজ উল্লেখ করেন, বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকলে অতিরিক্ত কিছু করার কথা ভাবি না। শুধু সঠিক জায়গায় বল রাখার চেষ্টা করি। বোলিংয়ে শৃঙ্খলা রাখার চেষ্টা করি।
সিরাজের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার সোশ্যাস মিডিয়ায় লেখেন, সিরাজের বোলিংয়ে যে পরিবর্তনটা আমি দেখেছি, সেটা হল ধারাবাহিকতা ও নিপুণতা। সঠিক জায়গায় বল করছে। সেটার জন্যই ৬ উইকেট পেয়েছে। আকাশদীপও খুব ভালো বোলিং করেছে।