বিডিওর বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ শুভেন্দুর

শুভেন্দু

বঙ্গবার্তা ব্যুরো,
এক বি ডি ওর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। নদিয়ার শান্তিপুরের বি ডি ওর বিরুদ্ধে তিনি এই অভিযোগ তুলেছেন।শুভেন্দুর অভিযোগ নিয়ম ভেঙ্গে বি ডি ও সর্বাদল বৈঠক ডেকেছেন। যা বিধি ভঙ্গের সামিল।তাঁর এই অভিযোগের কথা তিনি জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছেও জানিয়েছেন।
শান্তিপুরের বি ডি ও ৫ মার্চ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেখানে ভোটার তালিকা এবং বুথ এজেন্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ বি ডি ও এই কাজ করতে পারেন না। তিনি বলেন তৃণমূলের গুড বুকে থাকার জন্য তিনি এই বৈঠক ডেকেছেন। শুভেন্দু আরও জানিয়েছেন, জানুয়ারি মাসে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করেছে।এরপর কিছু করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে করতে হয়।
অন্যদিকে বি ডি ওর দাবি তিনি কোনও বিধি ভাঙেন নি। নির্বাচনী কাজ এক ধারাবাহিক প্রক্রিয়া। সেই কাজ করার জন্য আলাদা করে কমিশনের অনুমতি নেওয়ার দরকার হয় না।