Upload By K. Halder at 23th April 2025, 04:47 PM
বঙ্গবার্তা ব্যুরো,
অশান্ত মুর্শিদাবাদে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসন সেই অনুমতি দেয় নি। ১৬ ই এপ্রিল মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।
বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ তাকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে আদালত বেশ কিছু শর্তও চাপিয়েছে বিরোধী দলনেতার ওপর। আদালত জানিয়েছে দুজন বিধায়ক এবং নিরাপত্তা রক্ষী নিয়ে যেতে হবে তাকে। এছাড়াও সেখানে তিনি কোনও রাজনৈতিক বক্তব্য রাখতে পারবেন না। যাত্রা শুরুর ২৪ ঘন্টা আগে সংশ্লিষ্ট জেলার এসপি কে জানাতে হবে।
এদিন আদালতে শুভেন্দুর আইনজীবী অভিযোগ করেন পুলিশ প্রশাসন কংগ্রেস এবং সিপিএম নেতাদের মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিয়েছে। তারা শুধু বিরোধী দলনেতাকেই আটকে দিচ্ছে। তারা এও বলে আর আগে অন্য জায়গাতেও এই একই ঘটনা ঘটেছিল।
শুভেন্দুর আইনজীবীর বক্তব্যের জবাবে রাজ্যের আইনজীবী বলেন, উনি রাজনৈতিক নেতা। মুর্শিদাবাদে গিয়ে উনি রাজনৈতিক বক্তব্য রাখলে ফের অবস্থার অবনতি হতে পারে। এরপরেই আদালত একাধিক শর্ত সাপেক্ষে শুভেন্দুকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দেয়। তবে কবে তিনি সেখানে যাবেন তা এখনও জানাননি।

