বঙ্গবার্তা ব্যুরো,
মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে বৃহস্পতিবার গভীর রাতে এনআইএ স্পেশ্যাল কোর্টের নির্দেশে ১৮ দিনের এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। জানা গেছে মুম্বই হামলার ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের জন্য রানাকে হেফাজতে হেফাজতেই জেরা করবেন এনআইএ আধিকারিকরা। সুত্রের খবর দিল্লিতে রানা নামতেই তাকে পাতিয়ালা হাউসকোর্টে নিয়ে যাওয়া হয়। আমেরিকা থেকে বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে আনা সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত তাহাউর রানার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ, হত্যা, জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। ভারতে বিমানটি অবতরণের পরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেন।
এনআইএ অভিযোগপত্রে বলা হয়েছে, রানা হেডলিকে বিভিন্নভাবে সহায়তা করেছিলেন, যার মধ্যে রয়েছে মুম্বাইয়ে ইমিগ্রান্ট ল সেন্টার তৈরি করা। হেডলি ওই ফার্মের প্রতিনিধি হিসেবে দিল্লি, জয়পুর, পুষ্কর, গোয়া, পুনে এবং মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরে ভ্রমণ করেছিলেন। রানা নিজেও ২০০৮ সালের নভেম্বরে ভারত সফর করেছিলেন। ২০০৯ সালের অক্টোবরে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) রানাকে শিকাগোতে গ্রেপ্তার করে। তিনি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি সংবাদপত্রে হামলার ব্যর্থ পরিকল্পনায় সহায়তা এবং পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবাকে সহায়তা প্রদানের অভিযোগে অভিযুক্ত হন, যারা মুম্বাই হামলার জন্য দায়ী ছিল। দুই বছর পরে, তিনি দোষী সাব্যস্ত হন।
বৃহস্পতিবার মার্কিন দেশে সকল আইনি পর্ব সমাপ্ত করে তাকে ভারতে নিয়ে আসে জাতীয় তদন্তকারী সংস্থা। বুধবারই আমেরিকা পৌঁছোয় এনআইএ। বৃহস্পতিবারই এনআইএ-র হাতে সন্ত্রাসবাদী হামলার অন্যতম মূলচক্রীকে তুলে দেয় আমেরিকা। বৃহস্পতিবার পালম বিমানবন্দর থেকে রানাকে এনআইএ-র সদর দফতরে নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। শুধু তা-ই নয়, দিল্লি পুলিশের বিশেষ সেলকে প্রস্তুত রাখা হয়। এ ছাড়া রানার যাত্রাপথে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্য সোয়াট (স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিস) কমান্ডোও মোতায়েন করা হয়। এদিকে রানাকে ভারতের মাটিতে ফেরানোর আগেই দিল্লির বুকে হাইভোল্টেজ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল।
১৮ দিনের এনআইএ-র হেফাজতে তাহাউর রানা, জেরা করবে এনআইএ

