বঙ্গবার্তা ব্যুরো,
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় এক শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। নিরুপম পাল নামে ওই শিক্ষককে মারধরের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একটি কালীপূজোর অনুষ্ঠান থেকে ফেরার পথে নিরুপম পাল দেখেন কয়েকজন যুবক রাস্তার পাশে মদ্যপান করছেন। তিনি তাদের প্রকাশ্যে মদ্যপান করতে নিষেধ করলে তারা ওই শিক্ষকের ওপর চড়াও হন।
নিরুপম পালের ভাগ্নে রনি পাল বলেন, তিনি ঘুমোচ্ছিলেন, মামা ফোন করে বলেন যে তাকে মারধর করা হয়েছে। আটজন যুবক ও একজন নারী এখানে মদ্যপান করছিলেন। মামা তাদের বলেন যে দিনের বেলায় এভাবে প্রকাশ্যে মদ্যপান করা অন্যায়। এরপরেই ওই গ্যাং তাকে চড় ও ঘুষি মারে। তার নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। আশপাশের মানুষজন তাকে উদ্ধার করেন। হামলাকারীরা তাকে মেরে ফেলারও হুমকি দেয়। তারপর থেকেই খুব ভয়ে আছি।
আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন যুবক ও একজন নারী মিলে নিরুপম পালকে এলোপাতাড়ি মারধর করছেন। তিনি হাত দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে অনবরত মারতে থাকে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে হামলাকারীদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়, কিন্তু হামলাকারীরা তাকে মারতেই থাকে।
পুলিশ এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র বলেন, আবাসিক এলাকায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করা ওই শিক্ষকের পাশে আছেন তিনি। এই ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত। আগে আমরা রাতে সব এলাকায় নজরদারি চালাতাম। স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে কথা বলে আমরা আবার সেই পাহারা চালু করবো। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।

