Published by Subrata Halder, 16 June 2025, 07:15 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
সাম্প্রতিক সময় একধিকবার রাজ্যকে কেন্দ্রীয় বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। একশ দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ রাস্তা নির্মাণ সব ক্ষেত্রেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে।
আজ রাজ্য বিধানসভায় আবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার রাজ্যকে কোন টাকা দেবে না। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্নোত্তর পর্বে ১০০ দিনের কাজ নিয়ে প্রশ্ন করেছিলেন বিধায়ক তরুন মাইতি।রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই নিয়ে উত্তর দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নিয়ে বলতে শুরু করেন। প্রদীপ মজুমদার নিজেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। মুখ্যমন্ত্রীও তথ্য পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় সরকার কিভাবে রাজ্যকে বঞ্চনা করছে তা তুলে ধরেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত চার বছরে গ্রামীণ আবাস যোজনা, ১০০ দিনের প্রকল্প এবং গ্রামীণ রাস্তায় কেন্দ্রীয় সরকার আমাদের কোনো পয়সা দেয়নি। উল্টে রাজ্যের করের টাকা অন্য রাজ্যকে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক অন্যায় এবং অপরাধ, বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু অভিযোগ ওনারা পেয়েছিলেন। তার পরিবর্তে ১৫৫ থেকে ১৫৬ টি কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় এসেছে। এক্ষেত্রে তারা যে যে ব্যাখ্যা চেয়েছে সব তথ্যই তাদের দেওয়া হয়েছে। তা সত্ত্বেও একটা টাকাও আমাদের দেওয়া হয়নি। সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগ মধ্যপ্রদেশেও হয়েছে, রাজস্থান এবং উত্তরপ্রদেশেও অভিযোগ আছে। অভিযোগ গুজরাটেও আছে। সেখানে কতগুলো টিম পাঠানো হয়েছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আপনি কাউকে কাজ করালে তাকে টাকা দিতে বাধ্য। তারা কাজ করলেন অথচ টাকা পেলেন না, এরপরেও যারা এর জন্য দিল্লিতে দরবার করতে গিয়েছিল তাদের বিরুদ্ধে একজন হাফ মিনিস্টার টাইম দিয়েও ৪ ঘন্টা বসিয়ে রেখে দেখা করেনি। উল্টে তাদের বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছে। বাংলার মানুষকে এই টাকাগুলো সরকারই দিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে কোন টাকা দেবে না এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাকে বঞ্চনা করার জন্য এসব করা হচ্ছে। গরিব মানুষের জন্য রাজ্যে সবচেয়ে বড় কর্মসূচি চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেড় কোটি কর্ম দিবস তৈরি হয়েছে। আগে একশ দিনের প্রকল্পে মানুষ ৩৭-৩৮ দিন কাজ পেত। আমরা আমাদের টাকায় মানুষকে ৫০ দিনের কাজ দিচ্ছি। সংখ্যাটা আরো বাড়তে পারে। মনে রাখতে হবে গরিব মানুষের গরিব হওয়াটা অন্যায় নয়, বলেন মুখ্যমন্ত্রী। গরিব হয়ে জন্মানোটা অন্যায় নয়। দারিদ্রতা অন্যায় নয়।
তার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের লজ্জিত হতে হয়। কাকে দোষ দেব। বাংলা ভাষায় কথা বললে তাদের আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, তাদের বাংলাদেশী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার প্রশ্ন বাংলায় কথা বলা কি অপরাধ ?

