কোচ হয়েই মুখ খুললেন খালিদ জামিল
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- এআইএফএফ
ভারতীয় দলের কোচ হয়েই বড় চমক দিয়েছিলেন খালিদ জামিল। জাতীয় দলের শিবিরে ব্রাত্য রাখেন সুনীল ছেত্রীকেই। নেশনস কাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করে এআইএফএফ। সেই ৩৫ জনের দলে নেই সুনীল ছেত্রীর নাম। সুনীল ছেত্রী প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল।
বেঙ্গালুরুতে চলছে জাতীয় দলের শিবির। ২৯ অগাস্ট থেকে শুরু হবে নেশনস কাপ। গ্রুপ বি–তে ভারতের সঙ্গে রয়েছে তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান। কঠিন গ্রুপে রয়েছে ভারত।অক্টোবরে ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ রয়েছে।
অবসর ভেঙে ফেরা সুনীলকে জাতীয় দলের শিবিরে রাখেননি ভারতের নতুন কোচ। আগের কোচ মানোলো মার্কুয়েজ অবসর ভাঙিয়ে সুনীলকে জাতীয় দলে ফিরিয়েছিলেন। খালিদের তালিকায় সুনীলের নাম নেই।
এআইএফএফ মিডিয়াকে খালিদ জানিয়েছেন, সুনীল (ছেত্রী) ভারতীয় ফুটবলের একজন রোল মডেল, এবং তার জন্য দরজা সবসময় খোলা।
সে এই ক্যাম্পে নেই কারণ আমরা এমন একটি টুর্নামেন্ট খেলছি যা মূলত আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ারদের প্রস্তুতি হিসেবে কাজ করবে, এবং আমি আরও কয়েকজন খেলোয়াড়কে চেষ্টা করে দেখতে চাই. একইসঙ্গে খালিদ বলেছেন, “সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি। আমি ওর বিরুদ্ধে খেলেছি। বহু বার চোখের সামনে খেলতে দেখেছি। ও আমার পছন্দের একজন ফুটবলার। ভারতীয় ফুটবলে সবার আদর্শ। ওর জন্য দরজা সব সময় খোলা আছে।”

