বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ডুরান্ড কাপ কাপের ফাইনালে উঠে বাংলার আশা জিইয়ে রেখেছে ডায়মন্ডহারবার। মোহনবাগান , ইস্টবেঙ্গল মহমেডান, আগেই বিদায় নিয়েছে। কলকাতার তিন প্রধানের এক প্রধানও ফাইনালে নেই। কিন্তু কিবু ভিকুনার দল তো আছে।
কলকাতা ফুটবলের চতুর্থ শক্তি হিসাবে উদয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ফাইনালে গ্যালারি ভরাতে নয়া উদ্যোগ ডায়মন্ডহারবারের। নিজেদের ক্লাবের জন্য ২৫ হাজার টিকিট তুলেছে ডায়মন্ডহারবার ক্লাব।
ডুরান্ড ফাইনালে সমর্থনের জন্য তিন প্রধানকেই আমন্ত্রণ জানিয়েছে ডায়মন্ডহারবার। ক্লাবের কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা তিন ক্লাবকে এবং তাদের সমর্থকদের ফাইনাল ম্যাচে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি প্রত্যেকের সমর্থন পাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যস্ত সূচি আছে তিনি সময় পেলে অবশ্যই মাঠে আসবেন।
তাই আশা করা যাচ্ছে, তাদের সমর্থনের জন্য শনিবার যুবভারতীর গ্যালারিও ভর্তি থাকবে। মাত্র চার বছরের মধ্যে আই লিগের মূলপর্বে ওঠার সঙ্গে ডুরান্ডের ফাইনালে ডায়মন্ডহারবারের খেলাকেও বেশ কৃতিত্বেরই মনে করছে ফুটবল মহল। ডুরান্ড কাপ জিতলে ময়দানে আধিপত্য বৃদ্ধি পাবে অভিষেকের ক্লাব।
দলের অন্যতম শীর্ষকর্তা মানস ভট্টাচার্য বলেছেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে পাঁচ গোলে হেরেছিলাম আমরা। তখন দলের অনেকের মনোবল তলানিতে ঠেকেছিল। দলের প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ম্যাচের পর ফুটবলারদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, আমরা নতুন দল। একটা ম্য়াচে হারার পর মনোবল হারালে চলবে না। তাঁর সেই পেপ-টক দলের সবাইকে উজ্জীবিত করেছিল।’

