Published By Subrata Halder, 20 May 2025, 04:16 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
অবশেষে জট কাটল। সন্ত্রাসবাদ ইস্যুতে বিভিন্ন দেশ সফরে যাচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদল। তৃণমূল কংগ্রেসের তাতে অন্তর্ভুক্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা মিটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলে যোগ দেওয়ার কোনও আপত্তি নেই। আপত্তি ছিল একতরফা ভাবে প্রতিনিধি নির্ধারণের পদ্ধতিতে, যেখানে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি। এবার কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূলের প্রতিনিধি পাঠাতে সম্মতি দিয়েছেন। প্রাথমিকভাবে ইউসুফ পাঠানের নাম শোনা গেলেও, শেষমেশ ঠিক হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিনিধিদলে অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা কেন্দ্রকে জানিয়েছে।
গতকালই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস জানায়, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন। তিনি সন্ত্রাসবাদ-বিরোধী সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেবেন।
তারা আরও জানিয়েছে, যখন সারা বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করা প্রয়োজন, তখন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি এই আলোচনায় শক্তি ও স্পষ্টতা এনে দেবে। তৃণমূলের দাবি, অভিষেকের উপস্থিতি একদিকে বাংলার দৃঢ় সন্ত্রাসবিরোধী অবস্থানকে তুলে ধরবে, অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সম্মিলিত কণ্ঠস্বরকে আরও জোরালো করে তুলবে।
কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। তখন মুখ্যমন্ত্রী তাকে জানান, দলের নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন। পরে দলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করে। সেই কারণেই ইউসুফ পাঠান সর্বদলীয় বিদেশ সফরকারী প্রতিনিধিদলে থাকছেন না। বরং তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

