ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সময় চান ট্রাম্প, হতাশ নেতানিয়াহু

Published by Subrata Halder, 20 June 2025, 11:38 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকার পরেও ইরানের বিমান হামলার কাছে অসহায় হয়ে পড়ছে ইজরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় গভীরভাবে হতাশ ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোট চায় আমেরিকা দ্রুত সিদ্ধান্ত নিক। একথা জানিয়েছে ইজরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে।বলা হচ্ছে, বর্তমান বাস্তবতায় দুই সপ্তাহ মানে ‘চিরকাল’। ট্রাম্প যদি সত্যিই অপেক্ষা করেন ও এটা যদি কৌশলগত বিভ্রান্তি না হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রতিনিয়তই কমছে। ইরানের পরমাণু কেন্দ্র গুলি ধ্বংস করলেও ইজরায়েল দীর্ঘমেয়াদে নিরাপদ হবে না। তিনি বলেন, ইরান আবারও তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে ও গাজা বা অন্যান্য নিরাপত্তা সমস্যা থেকেই যাবে।
এর আগে, মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু হামলা চালানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। পরে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা সূত্রের বরাতে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানায়, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয়, তাহলে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখবেন।
বুধবার ইরানের ওপর ইজরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছিলেন, আমি এটা করতে পারি, নাও করতে পারি।
এর আগে জানিয়েছিলেন ইরানের ভূ-গর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ফোর্দোতে মার্কিন হামলার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়েছে দিয়েছে, তারা হোয়াইট হাউসের দরজায় ঝুঁকবে না। তাছাড়া ইজরায়েল হামলা বন্ধ না করলে আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে খামেনির ইরান।