বাংলাদেশে পরবর্তী নির্বাচন ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে, দাবী ইউনূসের

Upcoming Bangladesh election to set democratic milestone: Yunus

Upload By K. Halder at 20th March 2025, 01:30 PM

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে তার অঙ্গিকারের কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।আনফ্রেল বা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস হল এশিয়ার বিভিন্ন দেশে সুশীল সমাজের সংগঠনগুলোর একটি আঞ্চলিক নেটওয়ার্ক। এই সংস্থা দুই দশকেরও বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং মানুষের অংশগ্রহণকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে।


তবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বললেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপিসহ বিভিন্ন দল। বাংলাদেশে নির্বাচন হয় সাধারণত শীতকালে বা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। জানুয়ারির পরের মাসগুলোতে রমজান, ঈদ বা বর্ষার মরশুমে নির্বাচন করা কতটা সম্ভব এই প্রশ্ন তুলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল। কারণ গরমকালে নির্বাচন হলে আবহাওয়া অনেকটাই প্রতিকূলে থাকে।


এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসএর প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার জন্য একটি মাইলফলক হবে। আনফ্রেল প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শ দাতা মে বুটয়, ক্যাম্পেইন ও অ্যাডভোকেসির সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবিরত্ন, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা অ্যামি।