ইরাকি দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা

Published By Subrata Halder, 12 June 2025, 09:39 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইরাকের মার্কিন দূতাবাসে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সরকারি সূত্রের খবর, নিরাপত্তাগত ঝুঁকির কারণে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের স্বজনদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হবে।
ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা সে বিষয়টি স্পষ্ট করেননি। তবে তারা বলছেন যে, ইজরায়েল ইরানে অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে।
কর্মকর্তারা বলছেন, এ কারণেই অনেক মার্কিন নাগরিককে ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারা ধারণা করছেন যে, ইরান ইরাকের কিছু মার্কিন কার্যালয়ে হামলা চালাতে পারে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পরেই এমন পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ রোববার ইরানের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন বলে জানানো হয়েছে।
উইটকফ মাস্কটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দেখা করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, তারা তাদের সব দূতাবাসে কর্মীদের অবস্থান ক্রমাগত মূল্যায়ন করছি।
তিনি বলেন, তাদের সর্বশেষ বিশ্লেষণের ভিত্তিতে, তারা ইরাকে তাদের মিশনের কার্যক্রম কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেনেডি সেন্টারে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমেরিকানদের এই অঞ্চল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এটি একটি বিপজ্জনক জায়গা হতে পারে এবং দেখা যাক কী হয়।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। আমরা তা হতে দেব না। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।