পিতৃ দিবসে বাবাকে বিরাট উপহার ভামিকার, অনুষ্কাও দিলেন বিশেষ বার্তা

Published By Subrata Halder, 15 June 2025, 08:59 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
অনুষ্কা শর্মা এবং তাঁর স্বামী বিরাট কোহলিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি বলা চলে। দুই সন্তানের বাবা-মা তারা। ভামিকা এবং অকায়। রবিবার যখন পুরো পৃথিবী পিতৃ দিবস পালন করতে ব্যস্ত। বাবাকে শুভেচ্ছা জানালেন বিরাটের কন্যা ভামিকা। রবিবার অনুষ্কা ইনস্টাগ্রামে নিজের বাবার একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে অনুস্কার বাবা চেয়ারে বসে হেডফোন লাগিয়ে একটি গানে ভাইবিং করছেন। এর সঙ্গে তিনি বিরাটের জন্য ভামিকার নোটও শেয়ার করেছেন,
খুদে ভামিকা লিখেছে তার বাবার জন্য। বাবাকে তার বার্তা, তোমাকে দেখতে আমার ভাইয়ের মতো। তুমি খুব মজার, আমাকে কাতুকুতু দাও। তোমার সঙ্গে খেলতে ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমি আমাকে এত্তটা ভালোবাসো। হ্যাপি ফাদার্স ডে।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন বিরাট-অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে তাদের কোল আলো করে আসে কন্যা ভামিকা। গতবছর বিরুষ্কার সংসারে এসেছে পুত্র অকায়। এই দম্পতি সবসময় তাদের সন্তানদের পাপারাজ্জি এবং লাইমলাইট থেকে দূরে রেখেছেন।
নিজের বাবার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা। বলিউড অভিনেত্রী বলেছেন. আমার জীবনের প্রথম পুরুষ, যাঁকে আমি ভালবেসেছিলাম এবং আমাদের মেয়ে প্রথম যে পুরুষকে ভালোবেসেছে, তাঁদের দু’জনকেই পিতৃদিবসের ভালবাসা। পিতৃদিবসে পৃথিবীর সকল সুন্দর বাবাদের শুভেচ্ছা।