বঙ্গবার্তা ব্যুরো
ছবি- সোশ্যাল মিডিয়া
রাজ্যের উত্তরবঙ্গে কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গাজলডোবা থেকে ছাড়া হচ্ছে অতিরিক্ত জল। ৩১ নং জাতীয় সড়কে যান চলাচলে সতর্কতা জারি করেছে প্রশাসন।
অতিভারী বৃষ্টিতে কার্যত ভয়াবহ রূপ ধারণ করেছে পাহাড়ি অঞ্চল। একনাগাড়ে বৃষ্টির কারণে জলস্ফিতি দেখা দিয়েছে জলঢাকা নদীতে। এর প্রভাবে খরস্রোতা তিস্তা নদীতেও জলস্তর বাড়ছে। রবিবার সকালে জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে ২ হাজার ৩৮ কিউসেক জল ছাড়া হয়েছে।
গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলে দোমহোনি এবং মেখলিগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত তিস্তা নদী সংলগ্ন অঞ্চলে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েও অনেক জায়গায় জল বইছে, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জেলা প্রশাসন ও সেচ দফতর সুত্রে জানা গেছে। নতুন করে তিস্তা নদীর জলস্তর বাড়ার ফলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।
জলঢাকা নদীর ধারে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এই মুহূর্তে তিস্তার আশপাশে বসবাসকারীদের নদীর তীরে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সারারাত বৃষ্টি হয়েছে। রবিবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

