নিজেকে ফিট রাখতে কি খান শাহরুখ খান!

Published By Subrata Halder, 27 May 2025, 05:19 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বলিউডের কিং শাহরুখ খান তার অভিনয় ও ব্যক্তিত্বে অসাধারণ জনপ্রিয়। ৫৯ বছর বয়সেও তিনি চমৎকার শারীরিক ফিটনেস ও তারুণ্যদীপ্ত চেহারার কারণেও ভক্তদের বিস্মিত করেন। ছয় প্যাক অ্যাবস, ঝকঝকে হাসি আর স্টাইলিশ উপস্থিতির পেছনে কী রহস্য রয়েছে? সেইসঙ্গে অনেকের মনেই প্রশ্ন কী খাবার খান তিনি।
জানা যাচ্ছে, শাহরুখ খানের ফিট থাকার মূল রহস্য লুকিয়ে আছে তার খাদ্যাভ্যাসে। একেবারেই সরল, সাধারণ আর সুশৃঙ্খল খাওয়া দাওয়ার মাধ্যমেই নিজেকে এভাবে ধরে রেখেছেন রোমান্স কিং।
২০১৬ সালে আরজে দেবাঙ্গনার একটি সাক্ষাৎকারে জওয়ান তারকা নিজের ডায়েট নিয়ে অকপটে বলেছিলেন, আমি খুব সাধারণ ধরনের খাবার পছন্দ করি। দিনে মাত্র দুই বেলা খাই। দুপুর আর রাতের খাবার। এই দুই বেলার বাইরে আমি কিছুই খাই না।
শাহরুখের খাবারের প্লেটে যা থাকে তার মধ্যে রয়েছে অত্যন্ত পুষ্টিকর স্প্রাউটস, গ্রিল চিকেন, ব্রকলি। মাঝে মাঝে অল্প পরিমাণ ডাল খান তিনি। শাহরুখের ভাষায়, আমার পক্ষে ভারী বা জমকালো খাবার খাওয়া কঠিন। আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি।
অনেকের কাছে এমন খাদ্যতালিকা একঘেয়ে লাগলেও শাহরুখ বরাবরই এতে অভ্যস্ত। কোনো প্রকার চমকপ্রদ সুপারফুড বা ডায়েট ট্রেন্ডে বিশ্বাসী নন তিনি। বরং বছরের পর বছর একই ধরনের সহজ খাবার খেয়ে নিজেকে ফিট রেখেছেন।
তবে কড়া নিয়মের মাঝেও তিনি রূঢ় নন। কোথাও দাওয়াতে গেলে বা প্লেনে ভ্রমণের সময় তিনি পরিবেশন করা খাবারই খেয়ে নেন খুশি মনে। শাহরুখ বলেন, কারও বাসায় খেতে গেলে তারা যা দয়া করে দেন, তাই খাই। হোক সেটা বিরিয়ানি, রুটি, ঘি-তেলে তৈরি পরোটা বা এক গ্লাস লসসি।
চিট ডে নেই ? এই প্রশ্নের উত্তরে কিং খান বলেন, দিনে মাত্র দুবার খাওয়াটাই তার অভ্যাস হয়ে গেছে। তাই আলাদাভাবে চিট ডে’র প্রয়োজনও হয় না।
শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিং ইতিমধ্যেই বলিউডে আগ্রহ তৈরি করেছে। এতে প্রথমবার পর্দায় তার মেয়ে সুহানা খান এর সঙ্গে কাজ করছেন তিনি। পাঠান ও ওয়ার খ্যাত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় দেখা যাবে একটি মেন্টর-প্রোটেজের সম্পর্কের গল্প। যার পটভূমি অপরাধজগত।
তারকাবহুল এই সিনেমায় আরও রয়েছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।