মার্কুয়েজের উত্তরসূরি কে, দেশীয় কোচের উপর ভরসা রাখবে ফেডারেশন ?

Published By Subrata Halder, 11 June 2025, 10:24 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দির সুর
২০২৫ সালে মানালো মার্কুয়েজের ভারত বেশ কয়েকটা ম্যাচে জঘন্য পারফরমেন্স করেছে। যে কোনও সময় তার পদত্যাগের খবর সরকারিভাবে প্রকাশ করবে ফেডারেশন। তার কোচিংয়ে বাংলাদেশে, থাইল্যান্ড ম্যাচে অত্যন্ত বাজে ফুটবলের পর এবার হংকংয়ের বিরুদ্ধেও হারের জেরে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের সম্ভাবনাও অনেকটা কমে গিয়েছে।
এআইএফএফ সূত্র অনুযায়ী, অনিচ্ছা থাকলেও ম্যানোলো দল ছাড়তে পারবেন না এককভাবে। এআইএফএফ যদি রাজি হয় একমাত্র তবেই ম্যানোলো কোচের পদ ছাড়তে পারেন। তাকে জোর করে রেখে দেওয়ার ফল অবশ্য টিম ইন্ডিয়া পাচ্ছে, সেকথা বলাই বাহুল্য।
গত কয়েক বছর ধরে এই অধঃপতন চলছে। কোচের পর কোচ আসছেন। কিন্তু সকলেই ব্যর্থ। যত রমরমা আইএসএল এর। কিন্তু সেখান থেকে কোনও ফুটবলার উঠে আসছেন না, যিনি ভবিষ্যতে স্বপ্ন দেখাতে পারেন। সুনীল ছেত্রীর মতো চল্লিশের কোঠা ছুঁয়ে ফেলা ফুটবলারকে জাতীয় দলের হয়ে গোল করার জন্য অবসর ভেঙে ফিরতে হচ্ছে।ইগর স্টিমাচ জাতীয় দল থেকে সরে দাঁড়াতে এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজকে নিয়ে আসা হয় জাতীয় দলে। প্রথম বছরে চুক্তি ছিল ম্যাচ প্রতি যে শিবির হবে, সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। আজ পর্যন্ত কোনও জাতীয় কোচের সঙ্গে এরকম চুক্তি হয়নি। মানোলো মার্কুয়েজের পদত্যাগের পর কে হবেন ভারতীয় দলের কোচ। সেটা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়ার দাবিও উঠছে। খালিদ জামিল, সঞ্জয় সেনরা দেশীয় স্তরে সফল হলেও জাতীয় দলে দায়িত্ব পান না। বিদেশি কোচ এনে কাজের কাজ কিছই হচ্ছে না। তার থেকে দেশীয় কোচের উপরই ভরসা রাখতে পারে ফেডারেশন।