বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে আরসিবি, চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সঙ্গী হয়েছে বিতর্কও। মালিকানা বদলের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী দলটার নাম কিন্তু এই মুহূর্তে আরসিবি–ই। সম্প্রতি জানা গিয়েছিল, বিক্রির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে আরসিবি’র। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১৭,৬৩৭ কোটি টাকা। এই পরিস্থিতিতে বোমা ফাটালেন আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদী।
মাইকেল ক্লার্ককে ললিত মোদী বলেন, “ওরা কি বোকা? যদি ২ বিলিয়ন ডলারের কম দামে আরসিবি’কে বিক্রি করতে চায়, তাহলে সেটা বড় বোকামিই হবে। কারণ এর ব্র্যান্ড ভ্যালু প্রত্যেক বছর বাড়বে। যেমন পরের বছর হলে ২.৫ বিলিয়ন। দু’বছর পর হলে ৩ বিলিয়ন। চার বছর পর ৪ বিলিয়ন ডলার। এটা আমি লিখে দিতে পারি।”
গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি জয়ের উৎসব করে আরসিবি। কিন্তু স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জনের মৃত্যু হয়।
আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে বিরাট কোহলির দল লিখেছে, ‘‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তাঁরা আমাদেরই অংশ ছিলেন। এঁরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। এঁদের না-থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। এঁদের শূন্যস্থান কোনও কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি এঁদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে।’’

