পীযূষ চক্রবর্তী,
অবশেষে জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে গ্রেফতার ছাত্র সৌপ্তিক চন্দ। মঙ্গলবার আলিপুর আদালত তাকে জামিন দিয়েছে। তবে এদিন পুলিশের পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করে ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। বিচারক সেই আবেদন খারিজ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌপ্তিককে জামিন দেন। ১ লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় নাম জড়ায় এসএফআইয়ের। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আগেই গ্রেফতার করেছিল আরও দুই পড়ুয়াকে। ঘটনার দিন রাতেই সাহিল আলি নামে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রাক্তন পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে তিনি আদালতে জামিন পেয়ে যান। পরে গত ১২ শে মার্চ সৌম্যদীপ ওরফে উজান নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের আরও এক ছাত্রকে গ্রেফতার করা হয়। পরে তিনিও জামিন পেয়ে যান। এদিন সৌপ্তিক জামিন পেলেন। তবে এর আগের শুনানিতে তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।
যাদবপুর কাণ্ডে জামিন আরও এক ছাত্রের

