বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মানলেও গাজায় আক্রমণ বন্ধ করেনি ইজরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। গাজার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন জায়গায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৬ জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছেই মারা গেছেন। আল জাজিরা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাফায় ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর আচমকা ইজরায়েলি বাহিনী গুলি চালায়, ত্রাণ কেন্দ্রের সামনেই ২৭ জন প্রাণ হারায়।
দখলদার বাহিনীর হামলায় এরই মধ্যে গাজায় ৫৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশমের বিতর্কিত ত্রাণ বিতরণকেন্দ্রে এখন পর্যন্ত বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে খবর। জাতিসংঘের ত্রাণ সহায়তার প্রধান এই ত্রাণ বিতরণ কেন্দ্রকে ‘মৃত্যু ফাঁদ’ বলে অভিযোগ করেছেন।
গাজার মধ্যাঞ্চলে ওয়াদি গাজার দক্ষিণে সালাহ আল দিন স্ট্রিটে এক হামলার ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে। সেখানে আরও ১৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।
খান ইউনিসের দক্ষিণে নাসের মেডিকেল কমপ্লেক্সেও একই রকম দৃশ্য। গাজা সিটির একটি সাহায্য কেন্দ্রের কাছে আসা লোকজনও নিহত হয়েছেন।
গাজার আল-শিফা হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে হতাহতদের আনা হয়েছে বলে জানিয়েছে সেখানকার জরুরি বিভাগ। সেখানেও চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে পড়েছে এবং অনেকেই চিকিৎসার অপেক্ষায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে যে, মানুষ যখন ত্রাণের ট্রাকের দিকে এগিয়ে আসছিল তখন ইজরায়েলি বাহিনী গুলি চালায়। আহমেদ হালাওয়া নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, এটি গণহত্যার সামিল। মানুষ যখন পালিয়ে যাচ্ছিল তখনও ট্যাঙ্ক এবং ড্রোন থেকে গুলি চালানো হয়েছে।
অনেক মানুষের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়।
গাজায় হামলা, মৃতের সংখ্যা ছাড়াল ৫৬হাজার

