নীরবে সরব তিলোত্তমা প্রমাণ করলো মৃত্যুতে শেষ নয় জীবন

বঙ্গবার্তা ব্যুরো,
তিলোত্তমাকে ভোলেনি মানুষ, এ শহর। তার জন্মদিনে তাই ফের আজ মানুষ রাস্তায়। অভয়া মঞ্চের ডাকে রবিবার এক মিছিলে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। সেই ডাকে সামিল হন অসংখ্য মানুষ। মিছিল শুরু হয় আর জি কর হাসপাতালের ক্রাই অব দ্যা আওয়ার মূর্তির সামনে থেকে।
মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম , নার্সেস ইউনিটির পাশাপাশি সাধারণ নাগরিক সমাজ, বিভিন্ন শিক্ষক সংগঠন এদিনের মিছিলের ডাক দেন এবং তাতে অংশ নেন। মিছিলে সামিল হন অভয়ার বাবা-মাও।
রবিবার অভয়ার জন্মদিন। এদিন তাঁকে স্মরণ করতে যে মিছিল বেরয় তাতে অনেকেই এনেছিলেন কেক, পায়েস। মিছিলে সামিল মানুষের অনেকের মুখেই ছিল সাদা মুখোশ।
অভয়ার মৃত্যূর সুবিচার চেয়ে শনিবার মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন তার বাবা। আর জি কর আন্দোলনের সময়েই এই জঘন্য ঘটনার নিন্দা করেছিলেন ভাগবত। তিনি বলেছিলেন রাজ্য প্রশাসন এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না।
এদিকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাত চিকিৎসককে নোটিশ পাঠিয়েছে বিধাননগর পুলিশ। রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই তাঁদের ডাকা হয়। ওই ব্যক্তির অভিযো্গ, জুনিয়র ডক্টরস ফ্রন্টকে তিনি ৫০০০ টাকা দিয়েও চালান না পাওয়ায় অভিযোগ করেছেন। জুনিয়র ডক্টরস ফ্রন্টের অনিকেত মাহাত এদিন ভিডিও কনফারেন্সে পুলিশের সঙ্গে কথা বলেন। অন্য ডাক্তাররা কাজে থাকার কথা বলে এদিন পুলিশের সঙ্গে দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন।