বাধ সেধেছে বেলগাছিয়া, হাওড়া জুড়ে নরকগুলজার অবস্থা

বঙ্গবার্তা ব্যুরো,
প্রায় আট দিন হয়ে গেল হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ে জঞ্জাল ফেলা বন্ধ। ফলে হাওড়ার যত্রতত্র জঞ্জালের পাহাড় জমে রয়েছে। গত শনিবার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। সেই থেকে সেখানে আর জঞ্জাল ফেলা যাচ্ছে না। বিকল্প হিসেবে কলকাতার ধাপার মাঠে জঞ্জাল ফেলা হবে বলে ঠিক হয়। কিন্তু সেই কাজ ঠিক মতো হচ্ছে না। ফেলে নরক যন্ত্রনায় দিন কাটছে হাওড়াবাসীর।
হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুশান্ত চক্রবর্তী জানিয়েছেন জঞ্জাল ফেলার গাড়িগুলি ঠিকমতো কাজ করতে না পারার জন্য শহরে জঞ্জাল জমে যাচ্ছে। তিনি আশ্বাস দিয়েছেন আগামী সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
হাওড়া পুরসভার যে সব গাড়ি জঞ্জাল ফেলে সেগুলির এমন অবস্থা যে দ্বিতীয় হুগলি সেতুতে উঠতেই পারছে না। ফলে গাড়ির সংখ্যা অনেক কমে গেছে। তা ছাড়া কলকাতা শহরে খোলা আবর্জনার গাড়ি যেতে পারে না। ফলে সেই সব ব্যবস্থা করতে সময় লেগে যাচ্ছে। তিনি জানিয়েছেন বাইরে থেকে ১৫টি গাড়ি ভাড়া করা হয়েছে। আগে প্রতিদিন ৬০টি গাড়ি জঞ্জাল ফেলার কাজে ব্যবহার করা হত এখন সেই কাজ করছে মাত্র ৩০টি গাড়ি। তাই জঞ্জাল জমে যাচ্ছে। তবে তিনি আশা করছেন আগামী সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। একই সঙ্গে বেলগাছিয়া ভাগাড়ের কাজও দ্রুত করার ওপর জোর দেওয়া হবে। তবে তা শেষ হতে বছর দেড়েক লাগবে।