শুরুতেই সাত গোল, বড় ব্যবধানের জয় দিয়েই যাত্রা শুরু করলো ইস্টবেঙ্গল

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
বড় ব্যবধানে জয় দিয়েই কলকাতা লিগের যাত্রা শুরু করলো ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচ খেলতে নামে লাল হলুদ শিবির। প্রথম ম্যাচেই মেসারার্স ক্লাবকে ৭-১ গোলে হারাল তারা।


ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন মনোতোষ মাজি। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিটের মধ্যেই তৃতীয় গোলটি আসে। এবার গোল করেন গুইতে। মেসারার্স ক্লাবের কাছেও গোলের সুযোগ এসেছিল। তাদের একটি ফ্রি কিক বারে লেগে ফিরে আসে। পাশাপাশি ইস্টবেঙ্গলের একটি শটও বারে লাগে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।


দ্বিতীয়ার্ধে শুরুতেই ইস্টবেঙ্গলের চতুর্থ গোল তন্ময় দাসের। বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শট মেসারার্স গোলকিপারের হাতের ফাঁক দিয়ে গলে যায়। পঞ্চম গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা জেসিনের। দু’মিনিট পরেই ব্যক্তিগত নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোল করেন জেসিন।


৬৯ মিনিটে মেসারার্সের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্ডি জাখারি। যদিও সেই গোল কেবল ব্যবধান কমানোর কাজে এসেছিল। এরপর ইস্টবেঙ্গলের শটের পর শট বাঁচাতে গিয়ে কার্যত একাই লড়াই চালিয়ে যান মেসারার্স গোলকিপার লাইমুজাম কেন সিং। লাল হলুদের হয়ে সপ্তম গোলটি করেন সুমন দে।


ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস বলেন, জেসিন যেভাবে খেলেছে, তার অবশ্যই ভারতীয় দলের সুযোগ পাওয়া উচিত। ওর মধ্যে বড় টুর্নামেন্টে খেলার ক্ষমতা রয়েছে। উল্লেখ্য গত বছর কলকাতা ফুটবল লিগে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই নাম এখনও ঘোষণা করা হয়নি। আইনি জটিলতায় এখনও পর্যন্ত তা আটকে রয়েছে। অনেকেই ইতিমধ্যে দাবি করেছেন যে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে ইস্টবেঙ্গল।