বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিনে শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদী ও দ্রৌপদী মুর্মুর:

Uplode by Jyotirmay Dutta At 26th March 2025 , 6:05 Pm IST

বঙ্গবার্তা ব্যুরো,
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এমন দিনেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবসে অন্তঃবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী নিজের বার্তায় লেখেন, “বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।এই দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে।“
তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুদেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্রে এটি বিকশিত হয়েছে এবং দুদেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে। জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বার্তায় তিনি বলেছেন, ‘জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বা বিএসএফকে মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এমন সময় বিএসএফের সদস্যরাও বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।