কলকাতা থেকে লন্ডন সরাসরি উড়ান ফের চালুর দাবী মুখ্যমন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,
লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা ফের চালু হোক, ফের এই দাবী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার লন্ডনের ভারতীয় হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি বিষয়টি নিয়ে সরব হন। মুখ্যমন্ত্রীর মতে, কলকাতা ও লন্ডনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, ব্যবসা-বাণিজ্য থেকে সংস্কৃতি বহু ক্ষেত্রে। সেই সংযোগ আরও মজবুত করতে এবং বাণিজ্যের প্রসার ঘটাতে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হোক।
হাই কমিশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লন্ডনের থেকে বাংলা খুব একটা দূরে নয়, কিন্তু সরাসরি বিমান নেই বলে আমাদের অনেক ঘুরপথে আসতে হয়। মাত্র ৮ ঘণ্টার পথ, অথচ ১৮ ঘণ্টা সময় লেগেছে এখানে পৌঁছতে। তিনি ব্রিটেনের প্রতিনিধিদের অনুরোধ করেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। তার বক্তব্য, আগে ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে সরাসরি লন্ডন উড়ান চালাত। বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এই উড়ান পুনরায় চালু হলে শুধু যাত্রী নয়, বিনিয়োগ ও বাণিজ্যেও নতুন দিগন্ত খুলে যাবে। মুখ্যমন্ত্রী বাংলার শিল্প ও বিনিয়োগ সম্ভাবনার কথাও তুলে ধরেছেন। তাঁর দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে তথ্যপ্রযুক্তি খাত— সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ দ্রুত এগিয়ে চলেছে। তিনি বলেন, এই মুহূর্তে দেশের অন্যতম সেরা বিনিয়োগ গন্তব্য হলো বাংলা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। যেমন নিউ টাউনের ইকো পার্ক ও মাদার ওয়াক্স মিউজিয়ামের প্রসঙ্গ। তিনি বলেন তার সরকার দার্জিলিঙে নিবেদিতার বাড়ি পুনরুদ্ধার করেছে এবং কীভাবে ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ চলছে। বাংলার নবজাগরণ এবং সংস্কৃতির ক্ষেত্রে লন্ডনের সঙ্গে কলকাতার মেলবন্ধনের কথা মনে করিয়ে দেন তিনি।
সোমবার সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনে পৌঁছলে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
সফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়া থেকে শুরু করে একাধিক ব্যবসায়িক আলোচনায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার লক্ষ্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক বিনিয়োগ মানচিত্রে আরও এগিয়ে দেওয়া।