ভাগবতের মুখে আবারও হিন্দু সংহতির কথা

বঙ্গবার্তা ব্যুরো,
ভারতের ইতিহাসে অনেক রাজা মহারাজ এসেছেন চলে গিয়েছেন। তাঁদের কেউ মনে রাখেন নি। একজন রাজা কে আজও মানুষ মনে রেখেছে। যিনি পিতৃসত্য পালনের জন্য ১৪ বছর বনে কাটিয়েছেন। মানুষ সেই ভাইকেও মনে রেখেছে যিনি দাদার পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব করেছেন এবং দাদা ফিরলে তাঁকে রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। রবিবার পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে সংঘের সভায় এইভাবেই রামচন্দ্রকে স্মরণ করেন সংঘ প্রধান মোহন ভাগবত।
আরএসএসের এই সভা নিয়ে এর আগে বিতর্ক তৈরি হয়। মাধ্যমিক পরীক্ষার কারণে প্রথমে এই সভার অনুমতি দিতে রাজি ছিল না জেলা প্রশাসন। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে সভা হয়।
ভাগবত এদিন বৈচিত্রের মধ্যে ঐক্য এই কথার ব্যাখ্যা করেন। তার দাবি, এই ঐক্য ১৫ অগস্ট ১৯৪৭ সালে তৈরি হয় নি। তার বহু আগে থেকেই ছিল। ভারতবর্ষ শব্দের মধ্যে যে ব্যপ্তি আছে তার গুরুত্বও তিনি তুলে ধরেন। তিনি বলেন, ভারতের ভৌগলিক সীমা বাড়তেও পারে বা কমতেও পারে, কিন্তু যে ঐক্য বোধ এই দেশের বহু দিন থেকে রয়েছে তা চিরকাল থেকে যাবে। তিনি বলেন, ভারতবর্ষ এই শব্দের মধ্যে এক সুন্দর বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। যাঁরা সেই অর্ন্তনিহিত চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন না, তাঁরা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করে নিক।