আন্তর্জাতিক মঞ্চে জোড়া সোনা রানাঘাটের আতর আলীর:

বঙ্গবার্তা ব্যুরো, রমিত সরকার

স্কুল জীবনের প্রথম দৌড় প্রতিযোগিতায় লেবু দৌড়ে তৃতীয় হয়ে ছোট্ট একটি বাটি পেয়েছিলেন তিনি। সেই পুরস্কার আজও সযত্নে তুলে রেখেছেন আতর আলী। তবে এবারে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে। নদীয়ার রানাঘাট মহকুমার শ্রীনাতপুরের বাসিন্দা এই উঠতি দৌড়বিদ নেপালের পোখরায় অনুষ্ঠিত আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় ২০০ ও ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে দেশে ফিরেছেন।

অত্যন্ত দরিদ্র পরিবারে বড় হওয়া সত্ত্বেও আতর আলী হার মানেননি জীবনের প্রতিকূলতায়। ছোটবেলা থেকেই একনিষ্ঠ পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে এগিয়ে চলেছেন সাফল্যের পথে। প্রথমে স্কুল, তারপর মহকুমা, জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার ও পদক জয় করে এবার আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করলেন।

আতর আলী বলেন, বিদেশের মাটিতে প্রথমবার সোনা জিতে তিনি খুশি। এটা তার জীবনের সেরা মুহূর্ত।

ছোট বয়সেই বাবা-মাকে হারিয়ে আতর আলীর জীবনে একমাত্র আশ্রয় তার দিদি। তিনি শুধু দিদি নন, মা, বন্ধু, অভিভাবক সবকিছুই। আতরের কথায়, দিদিই আমার সব। তার উৎসাহ আর সাহস না পেলে এতদূর পৌঁছতে পারতাম না।

ইতিমধ্যেই আতর আলী রাজ্য সরকারের খেলোশ্রী , খেল সম্মান ও রাজ্যপালের সম্মান পেয়েছেন। তার আগামী লক্ষ্য, দেশের প্রতিনিধিত্ব করে আরও আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া এবং ভারতের নাম আরও উজ্জ্বল করা।

এরই মাঝে আগামী ২৮ থেকে ৩০ শে জুলাই কলকাতায় একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে আতর। তার এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা পরিবার এবং এলাকা। সবাই অপেক্ষায় আছেন আতরের পরবর্তী জয়ের গল্প শোনার।