বঙ্গবার্তা ব্যুরো,
জার্মানিতে গত নভেম্বের এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পর নির্ধারিত সময়ের আগেই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ডয়েচে ভেলের তথ্য অনুসারে জার্মানির মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে৷ স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৬টা পর্যন্ত সারাদেশে ভোট গ্রহণ চলবে৷ জার্মানির সংসদ নির্বাচনে প্রায় ছয় কোটি ভোটার আগামী চার বছরের জন্য সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করছেন।

জার্মানির নির্বাচন ব্যবস্থায় প্রতিটি ভোটার দুটি ভোট দেন। প্রথমে একটি সংসদ সদস্য এবং পরে একটি রাজনৈতিক দলের জন্য। দ্বিতীয় ভোটের মাধ্যমে সংসদে দলগুলোর অনুপাত নির্ধারিত হয়। একটি দল যদি ৫ শতাংশ বা তার বেশি ভোট পায়, তবে তারা সংসদে আসন পেতে সক্ষম হয়। নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে সিডিইউ ও তাদের সহযোগী দল সিএসইউ এগিয়ে রয়েছে। বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎস – এর তুলনায় চ্যান্সেলর প্রার্থী হিসেবে সিডিইউ-সিএসইউর নেতা ফ্রিডরিখ ম্যার্ৎস এগিয়ে আছেন।

এটা জার্মানির ২১তম পার্লামেন্ট নির্বাচন। প্রায় সাড়ে আট কোটি মানুষের দেশ জার্মানিতে এ বছর মোট ভোটারের সংখ্যা প্রায় ৫ কোটি ৯২ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লক্ষ। আর পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ। অর্থাৎ প্রায় ছয় কোটি ভোটার আগামী চার বছরের জন্য সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এবারের নির্বাচন দেশটির ভবিষ্যৎ রাজনীতির পাশাপাশি ইউরোপীয় রাজনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

