Published by Subrata Halder, 12 June 2025, 07:29 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
আইপিএল দলগুলির বিজয় উৎসবে এবার রাশ টানতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বেঙ্গালুরুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বোর্ড। শনিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। বিসিসিআই সূত্রের খবর, এই বৈঠকেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কী ভাবে উৎসব হবে এবং কোন বিধি মেনে চলতে হবে, তানিয়ে একটি সুষ্পষ্ট নির্দেশিকা তৈরি করা হতে পারে। প্রতিটি দলকেই সেই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম ভাঙলে শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকছে।
দর্শকদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার কথা মাথায় রেখেই বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আইপিএলের বিজয় উৎসবের ক্ষেত্রেও একটা নিয়ম চালু করা উচিত, যাতে বেশ কিছু বিষয়ে রাশ টানা সম্ভব হয়। সেই জন্যই আমাদের বৈঠকে আলোচনা করা হবে। আগামী দিনে আইপিএল দলগুলির বিজয় উৎসবে পুলিশি সাহায্যের পাশাপাশি টিকিট সিস্টেম বাধ্যতামুলক করা হতে পারে, যাতে অতিরিক্ত ভিড় এড়ানো যায়।
অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে নিউজিল্যান্ড দলের ভারত সফর নিয়ে আলোচনা হতে পারে। ২০২৬ সালে ভারতে তিনটি
এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ খেলতে আসবে তারা। এছাড়া ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করা হতে পারে। অন্যান্য আলোচ্যসূচির বিষয়গুলির মধ্যে রয়েছে খেলোয়াড় এবং দলের কর্মকর্তাদের জন্য বিসিসিআই আচরণবিধি, বিসিসিআই কর্মীদের জন্য টুর্নামেন্ট ভাতা নীতি, ২০২৫-২৬ ঘরোয়া মরশুমের আপডেট এবং আম্পায়ার এবং ম্যাচ রেফারি কোচ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
গত বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা গেলেও কর্ণাটক সরকারের দাবি সংখ্যাটা ৩৭। মর্মান্তিক এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ।

