ব্যাতিক্রমী ও পরিবেশ বান্ধব পুজো মন্ডপের জন্য উৎকর্ষে আরোহন সম্মান

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- নিজস্ব

২০১২ সালে পথ চলা শুরু। লক্ষ্য ছিল সঠিক মূল্যায়নের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির উৎকর্ষকে সম্মানিত করা। এবার সেই পথ চলা ১৪ তম বছরে পড়লো। এ উপলক্ষে কলকাতায় সংস্থার নতুন লোগো প্রকাশ হল।
উদ্যোক্তারা জানান, সার্বিক ব্যাবস্থাপনা, পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ড, ভীড় নিয়ন্ত্রন, প্রতিমা ও মণ্ডপের শিল্পকলা দেখে এবারেও দুর্গোৎসবে পুজো উদ্যোক্তাদের সম্মান জানানো হবে ।

সংস্থার সদস্য অনুপম মজুমদার বলেন, মহালয়ার পরেরদিন থেকে চতুর্থী পর্যন্ত প্রথম রাউন্ডে বিচারকেরা ভালো পুজোগুলি বেছে নেন। এই পর্যায় শেষে কলকাতায় ১২ টি পুজো চূড়ান্ত করা হয়। এরপর পঞ্চমীর দিন সেখান থেকে আটটি মণ্ডপকে মনোনীত করা হয় এবং ষষ্ঠীর দিন পুরস্কার দেওয়া হয়।

পুজো কমিটিগুলিকে আগে থেকেই সংস্থার ওয়েবসাইট www.utkorsheaarohan.com বা ফেসবুক পেজে গিয়ে নথিভুক্ত করতে হয়। বিচারকের আসনে রয়েছেন বিমল কুন্ডু, সুব্রত গঙ্গোপাধ্যায়, মধুছন্দা সেন, অর্পিতা প্রধান। সমবেত ভাবে তারা বলেন, উৎকর্ষে আরোহনের এই সম্মাননা শুধু স্বীকৃতিই নয়, বরং উদ্যোক্তাদের ভালো পুজো আয়োজনে অনুপ্রাণিত করে।

এবছর কলকাতার বারোয়ারি আটটি, হাওড়ার চারটি এবং কলকাতার পার্শ্ববর্তী জেলার আরও চারটি পুজোকে এই সম্মান জানানো হবে। উৎকর্ষে আরোহণের কর্মকাণ্ড শুধুমাত্র দু’মাসের উৎসবে সীমাবদ্ধ নয়। বছরের অন্যান্য সময়েও এই সংগঠন যুক্ত থাকে গ্রামীণ স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করা, বঞ্চিত শিশুদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সহ নানা সমাজসেবামূলক কাজে।