নবান্নে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,

হুগলির সিঙ্গুরে টাটাদের ন্যানো গাড়ি কারখানা শেষ পর্যন্ত বিদায় নিয়ে ছিল রাজ্য থেকে। কারখানা গড়ে ওঠে গুজরাটের সানন্দে।এরপর বাম জমানার অবসান ও মুখ্য মন্ত্রীর চেয়ারে মমতা বন্দোপাধ্যায়। সরকারে এসে তিনিও রাজ্যে বিনিয়োগে উদ্যোগ নিচ্ছেন। প্রতিবছর বিজনেস সামিট করা। বিভিন্ন দেশে যাওয়া শিল্পের সন্ধানে। আর মুখ্যমন্ত্রীর সেই প্রচেষ্টা আর এক ধাপ এগোল বলে অনুমান।

আজ নবান্নে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। গতবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে বিনিয়োগে আগ্রহী টাটা গোষ্ঠী। জানিয়েছিলেন, টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ নিজে শিল্প সম্মেলনে যোগ দিতে আগ্রহী ছিলেন। তবে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল।

তাই তিনি আসতে পারেন নি। তবে সংস্থার সিইওর নেতৃত্বে বড় প্রতিনিধিদল পাঠিয়েছেন। কথা দিয়েছিলেন পরে তিনি দেখা করতে আসবেন। আজ তা বাস্তবায়িত হলো । এদিন বিকেলে নবান্নে এসে পৌঁছান নটরাজন চন্দ্রশেখরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন।

এদিন এই বৈঠক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে বলা হয়েছে, শিল্পক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার।

আগামী বছর ভোটের আগে যদি শেষ পর্যন্ত টাটা গোষ্ঠীর বড় বিনিয়োগ রাজ্যে আনতে সক্ষম হয় রাজ্য সরকার সেক্ষেত্রে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য একটা বড় সাফল্য হতে পারে। আর সেই জায়গা থেকেই আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।