Published By Subrata Halder, 11 June 2025, 09:43 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে কার্ফু জারি করা হয়েছে। বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই এই কার্ফু কার্যকর হয়েছে। মেয়র কারেন বাস বলেন, স্থানীয় সময় রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কার্যকর থাকবে এবং কয়েক দিনের জন্য চলবে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, গত চার দিনে কমপক্ষে ৩৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মেয়র জানিয়েছেন, চার দিনের বিক্ষোভে ২৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে।
মূলত যুক্তরাষ্ট্রে তথাকথিত অবৈধ অভিবাসীদের ধরতে যে ধরপাকড় শুরু হয়েছে তা ব্যাপক বিক্ষোভ ও হিংসার চেহারা নিয়েছে। এই বিক্ষোভ এখন আর ক্যালিফোর্নিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে ছড়িয়ে পড়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চতুর্থ দিনে পড়লো। বোস্টন, হিউস্টন এবং ফিলাডেলফিয়াসহ বিভিন্ন শহরে এমন চিত্র দেখা যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে গত রবিবার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম এই পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর নিন্দা করেছেন এবং দ্রুত সৈন্য প্রত্যাহার দাবি করেছেন। ন্যাশনাল গার্ড সদস্যরা এদিন ফেডারেল ভবনের আশপাশে অবস্থান নেন। শহরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ চলাকালে কংক্রিট, বোতল ছোড়ার অভিযোগ করে পুলিশ বেশ কয়েকটি সমাবেশ অবৈধ ঘোষণা করে। দেখা গেছে আলফাবেটের ওয়েমো কোম্পানির কয়েকটি স্বচালিত গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভ কারীরা।

