Published By Subrata Halder, 06 May 2025, 08:26 pm
বঙ্গবার্তা ব্যুরো,
রাশিয়ার বিমানবন্দরে অতর্কিতে ড্রোন হামলা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বন্ধ রাখা হয়েছে ওই এলাকার যান চলাচল। রুশ প্রতিনিধি জানিয়েছে, ড্রোন হামলার কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে যান চলাচল সীমিত করা হয়েছে। কিছুদিন পরেই মস্কোতে সামরিক কুচকাওয়াজের প্রদর্শনের মধ্যেই এই ঘটনা ঘটলো।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানী মস্কোতে মোট ১৯টি ড্রোন মাটিতে নামানো হয়েছে। আগামী ৯ ই মে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কুচকাওয়াজে অংশ নেবেন। সেই সময় চীন সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র নেতারা উপস্থিত থাকবেন। তার আগেই এই ধরনের নাশকতার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
রুশ সংবাদ সংস্থা জানাচ্ছে, ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির জানিয়েছে, মস্কোর চারটি বিমানবন্দরে উড়ানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে শহরের প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভলগোগ্রাদ এবং নিজনি নভগোরোডসহ অন্যান্য শহরের বিমানবন্দরগুলোতেও যান চলাচল ব্যহত। টেলিগ্রামে এক পোস্টে মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন বলেছেন, দক্ষিণ মস্কোর একটি প্রধান সড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছিল। তবে শহরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
রুশ মিডিয়ার খবর একটি সুপারমার্কেটে ক্ষতিগ্রস্থ। ভোরোনেজ এবং পেনজার গভর্নররা জানিয়েছেন, তাদের অঞ্চলে যথাক্রমে ১৮টি এবং ১০টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন বলেন, সোমবার গভীর রাতে রিলস্ক শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে হামলা চালানো হয়। এতে দুই কিশোর আহত হয়েছে।
তিনি টেলিগ্রামের এক পোস্টে বলেন, শহরে হামলার কারণে দুটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেনের গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন, ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

