বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে নিগ্রহের অভিযোগে সরব পশ্চিমবঙ্গ সরকার। স্পর্শকাতর এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৮ ই আগস্ট থেকে ২১ শে আগস্ট পর্যন্ত বিধানসভার ওই বিশেষ অধিবেশন চলবে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে।
পরিযায়ী শ্রমিক সংক্রান্ত প্রস্তাব ছাড়াও চারটি গুরুত্বপূর্ণ বিল ওই অধিবেশনে পেশ করা হতে পারে। পরিষদীয় দফতর এবং আইন দফতরের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিলগুলির খসড়া চূড়ান্ত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের চূড়ান্ত দিন ঘোষণা করবেন। এদিন প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অবশ্যই থাকা উচিত। ওই দফতরের কর্মীদের রাজ্য সরকার নিয়োগ করে।
রাজ্য সরকারের অর্থ দফতর তাদের বেতন দেয়। অথচ ওই দফতরের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না এটা হতে পারে না। বিষয়টি বিতর্কিত,হলেও তিনি বলেন এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের একাধিক মহলে ইতিমধ্যেই আলোচনাও শুরু হয়েছে।

