ভারতীয় রেলের বিশেষ ভ্রমণ প্যাকেজ, আবিষ্কার করুন উত্তর পূর্ব ভারত

Deluxe AC Tourist Train for North East India Tour parked at station

Upload By K. Halder at 9th March 2025 ,08:52 AM

বঙ্গবার্তা ব্যুরো,
আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয়ে সফরের জন্য শুরু হতে চলেছে একটি বিশেষ ট্রেন যাত্রা। ভারতীয় রেলের হাত ধরে আপনিও আবিষ্কার করুন উত্তর-পূর্ব ভারতের ট্রেন ট্যুর ‘নর্থ ইস্ট ডিসকভারি’র অপার আনন্দ। আগামী ২২ এপ্রিল দিল্লি সফদরজং রেলওয়ে স্টেশন থেকে শুরু হবে ১৪ – ১৫ দিনের এই ভ্রমণ সূচি। বিভিন্ন এসি ক্লাস সহ অত্যাধুনিক ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে মোট ১৫৬ জন পর্যটক থাকতে পারবেন। আধুনিক ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে পাবেন সমস্ত আধুনিক সুবিধা। ফাইন ডাইনিং রেস্তোরাঁ, সেন্সর-ভিত্তিক ওয়াশরুম, ফুট ম্যাসাজার সহ আরও অনেক কিছুর সঙ্গে উন্নত নিরাপত্তা ব্যবস্থাও থাকছে ট্রেনে।


এই ট্রেন যাত্রায় যে জায়গা গুলি থাকছে সে গুলি হলো,
আসমের গৌহাটি, শিবসাগর, জোড়হাট এবং কাজিরাঙ্গা; ত্রিপুরার উনাকোটি এবং উদয়পুর,
নাগাল্যান্ডের দিমাপুর এবং কোহিমা,
মেঘালয়ের শিলং এবং চেরাপুঞ্জি।
নর্থ ইস্ট ডিসকভারির প্রথম স্টপেজ গৌহাটি, যেখানে ব্রহ্মপুত্র নদীতে সূর্যাস্ত ক্রুজ সহ অরুণাচল প্রদেশে ভ্রমণ এবং তারপর শিবসাগর, আহোম রাজ্যের পুরানো রাজধানী পরিদর্শন করা।


পরের স্টপেজ ত্রিপুরা।
ত্রিপুরার পর ট্রেন নাগাল্যান্ড রাজ্য পরিদর্শনের জন্য দিমাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। পরবর্তী গন্তব্য গৌহাটি, এবং পর্যটকদের রাস্তা দিয়ে মেঘালয়ের রাজধানী শিলং-এ নিয়ে যাওয়া হবে।
পথে মনোরম উমিয়াম লেকে থাকবে একটি ছোট বিরতি।পরের দিন চেরাপুঞ্জি ভ্রমণের মাধ্যমে শুরু হবে, যা পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত। চেরাপুঞ্জি থেকে পর্যটকরা গৌহাটি স্টেশনে ফিরে ট্রেনে দিল্লির উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবেন।


ট্যুরে পাঁচটি রাজ্যের বিখ্যাত মন্দির যেমন কামাখ্যা এবং কামরূপ শিব মন্দির, তারসাথে তালাটাল এবং রঙ ঘরের মতো অন্যান্য ঐতিহ্যবাহী স্থান গুলিও পরিদর্শনে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, পর্যটকরা জোড়হাটের চা বাগান পরিদর্শন করবেন এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এক রাত কাটাবেন।এলিফ্যান্ট, নওখালিকাই জলপ্রপাতের মতো মনোরম জলপ্রপাত সহ আরও অনেক কিছু দেখতে পাবেন এই উত্তর পূর্ব ভারত আবিষ্কার ট্যুরে।


রেল মন্ত্রক আশা করছে এই অভিনব ভ্রমণ সূচি দেশের মানুষকে তো বটেই বিদেশী পর্যটককেও আকৃষ্ট করবে।