গার্ডেনরিচে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ, এক কোটি টাকা নগদ সহ গ্রেফতার চার যুবক

বঙ্গবার্তা ব্যুরো,
শহরে ফের ভুয়ো কল সেন্টারে হদিশ। কলকাতা পুলিশের গোয়েন্দারা গার্ডেনরিচের এলাকায় আয়রন গেটে একটি বাড়িতে অভিযান চালিয়ে চার যুবককে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন, খালিদ ইউসুফ খান, মুরশিল খান, জাস্টিন পাল এবং মহম্মদ শাহরুখ। তদন্ত এগিয়ে নিয়ে যেতে পুলিশ হেফাজত চেয়ে আজ, বুধবার তাঁদের আদালতে পেশ করা হবে।

গতকাল মঙ্গলবার, বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা গার্ডেনরিচের আয়রন গেটের হোয়াইট হাউস ও গ্রিন হাউসে অভিযান চালায়। অভিযোগ, ওই তিন যুবক ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বহুজাতিক কম্পিউটার আন্টি ভাইরাস কোম্পানির নাম নিয়ে গ্রাহকদের ফোন করত। তার পর কোনও একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে নিয়ন্ত্রণ নিত। এর পরই টাকার দাবি করত প্রতারকেরা। সব মিলিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। আজ, বুধবার লালবাজারে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) রুপেশ কুমার বলেন, “তাঁদের কাছ থেকে এক কোটি ১৮ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে সোনার গয়না, কিছু ল্যাপটপ, রাউটার এবং ব্যাঙ্কের পাসবুক সহ বেশ কিছু নথি।”

এর আগেও একই অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য এবং কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখার গোয়েন্দারা। এ দিন পুলিশ জানিয়েছে, ধৃত চারজনের বিরুদ্ধে আইটি আইনের ধারা ৬৬/৬৬সি/৬৬ডি/৪৩ এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)/৩১৯(২)/৩১৮(৪)/৩৩৬(২)/৩৩৬(৩)/৩৩৮/৩৪০(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আগে একই অভিযোগে ধৃতদের সঙ্গে গার্ডেনরিচ থেকে ধৃতদের কোনও যোগাযোগ আছে কিনা, তা-ও তদন্ত করে দেখছে গোয়েন্দারা।