Published By Subrata Halder, 07 May 2025, 03:23 pm
বঙ্গবার্তা ব্যুরো,
কথা ছিল প্রত্যাঘাতের। বুধবার ভোর রাতে সেই প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। তিন বাহিনীর মিলিত আক্রমণে গুঁড়িয়ে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। ভারতের এই পাল্টা আক্রমণে চিন্তিত পাকিস্তান। তবে, দেশের মানুষের সামনে মোদী সরকার তুলে ধরল অন্য ছবি। যেখানে মিশে রইল ধর্ম আর আবেগ।
পহেলগামে জঙ্গিরা ধর্ম জেনে খুন করেছিল। ভারত জবাবি হামলার পর সেই ধর্মের এক মেল বন্ধনের ছবি তুলে ধরল দেশের সামনে। এদিন সেনা বাহিনীর তরফে দুই মহিলা আধিকারিক সাংবাদিকদের মুখোমুখী হন। তাঁদের একজন সোফিয়া কুরেশি এবং একজন ভ্যামিকা সিং। একদিকে মহিলা শক্তির উত্থান অন্যদিকে ধর্মীয় মেল বন্ধন এই দুই ছিল এদিনের সামরিক বাহিনীর মূল লক্ষ্য।
এই দুই মহিলা সেনা আধিকারিক এদিন সাংবাদিকদের সামনে পুরো হামলার খুঁটিনাটি বিষয়ে জবাব দেন।
অন্যদিকে বিদেশ সচিব বিক্রম মিশ্রিও সংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি সরাসরি পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা এবং সন্ত্রাসবাদের আঁতুড় ঘর বলে অভিযোগ করেন। তিনি বলেন পাকিস্থানকে এই সব জঙ্গিদের বিষয়ে বার বার তথ্য দেওয়া হলেও তারা কোনও ব্যবস্থা নেয় নি। আন্তর্জাতিক স্তরেও এই বিষয়গুলি আবার তুলে ধরা হবে। বৈসরণে হামলার দায় স্বীকার করেছে লস্কর জঙ্গিদের শাখা সংগঠন, যার মাথা হাফিজ সৈইদকে পাকিস্তান নিরাপত্তা দিয়ে রেখেছে। এতেই প্রমাণ হয় কারা সন্ত্রাসে মদত দেয়।

