Upload By K. Halder at 19th March 2025, 05:34 PM
বঙ্গবার্তা ব্যুরো,
শেষ পর্যন্ত পিছিয়ে গেল চাকরিহারা শিক্ষকদের সংগঠন। আগামী সোমবার বঞ্চিত শিক্ষকদের একাধিক সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। তারা সেই কর্মসূচি থেকে সরে এলেন। নিজেদের সিদ্ধান্তের কথা পুলিশকেও জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যায়। এরপর ফের সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় পর্ষদের পক্ষ থেকে। সেই আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
এদিকে এই পরিস্থিতিতে শিক্ষকদের পূর্ব ঘোষিত কর্মসূচি বহাল রাখা হবে কিনা তা নিয়ে শিক্ষকদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। শেষ পর্যন্ত তারা নবান্ন অভিযানের মতো কর্মসূচি থেকে পিছিয়ে এলেন।
সুপ্রিম কোর্ট শিক্ষকদের কাজে যোগ দেওয়ার পরেই ব্রাত্য বসু বলছিলেন এবার শিক্ষকদের আন্দোলন স্তিমিত হওয়া উচিত।এর সঙ্গেই তিনি বিরোধীদের দিকে নিশানা করে বলেছিলেন তাঁরা তা হতে দেবেন না। তার এই মন্তব্যের আগেই অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনও পতাকা ছাড়াই লাখো মানুষ নবান্ন অভিযান করবে।
রাজনৈতিক মহলের বক্তব্য এত মানুষের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে বিরোধী দল তাকে রাজনৈতিক ইস্যু করার সব রকম চেষ্টাই চালাবে। শাসক বিরোধী চাপান উতোরের মাঝে পড়ে এতগুলো চাকরিহারা মানুষ আসলে দিশেহারা হয়ে পড়েছেন। তারা বুঝতেই পারছেন না কোনপথে গেলে তাদের জীবিকা নিশ্চিত হবে।

